২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধী অপশক্তি পঞ্চাশ বছর পরেও আস্ফালন করে: হাছান

বিএনপিই স্বাধীনতাবিরোধী অপশক্তির ‘প্রধান পৃষ্ঠপোষক’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 08:07 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শুক্রবার চট্টগ্রাম নগরীর ষোলশহরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও আস্ফালন করে।

“তারা এখনও সক্রিয়, দেশের উন্নয়ন অগ্রগতিতে খুশি নয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির রক্ষাকবচ এবং প্রধান পৃষ্টপোষক হচ্ছে বিএনপি। এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।“

বিভিন্ন ‘ইস্যুতে’ বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে মন্তব্য করে ড. হাছান বলেন, “করোনাভাইরাসের সময় বিভ্রান্তি ছড়িয়েছে, পদ্মা সেতু নির্মাণের সময় বিভ্রান্তি ছড়িয়েছে, এখন তারা দেশের মানুষকে নিয়ে মশকরা শুরু করেছে।”

মহামারী এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বেড়েছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আমাদের দেশেও আমদানি নির্ভর কিছু পণ্যের দাম বেড়েছে। কিন্তু সেটি অন্যান্য দেশের তুলনায় কম। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট যাতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে।

“যাতে কম মূল্যে তারা টিসিবির পণ্য কিনতে পারেন। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু জনগণের মধ্যে স্বস্তি আসাতে বিএনপি ও কিছু কিছু বুদ্ধিজীবী নামধারীর অস্বস্তি বেড়ে গেছে।”

হাছান মাহমুদ বলেন, “২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যা শুরু হয়েছিল, এটার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমরা দাবি জানিয়েছি, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এটির আন্তর্জাতিক স্বীকৃতি যৌক্তিক।

“কিন্তু যখন একটি দলের নেত্রী, যিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি যখন বলেন, আসলে ত্রিশ লক্ষ মানুষ মারা যায় নাই, তখন এই গণহত্যার স্বীকৃতি পেতে তো সেই প্রশ্ন আন্তর্জাতিক মহল করে।”

তিনি বলেন, “বিএনপি ও খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিএনপির প্রচেষ্টা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা; না হয় আমরা গণহত্যার স্বীকৃতি সহজে পেতাম।’’

কিছু বুদ্ধিজীবী আছে, যারা রাত ১২টার পর সক্রিয় হন- এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “এমনিতে ফকিরকে দুই টাকা খয়রাত দেয় না। দেখলাম যে ভং ধরে প্রেস ক্লাবের সামনে থালা নিয়ে বসছে। তাদের কাছে জনগণ তো দূরে থাক, তাদের আত্মীয় স্বজনরাও যেতে পারে না। সবার কথা বলছি না।

“তাদের কোনো কাজ নেই, ওদের কাজ হচ্ছে, আপনি কী কাজ করছেন, আমি কী কাজ করছি, সরকার কী কাজ করছে- এসবের ভুল ধরা। আমি ওদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি। রাত বারোটার পরে ভুল ধরা পার্টি সক্রিয় হয়। জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে।”

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মঈন উদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাশেম চিশতি।