গবেষণা ‘ছাড়াই’ প্রতিবেদন দেয় সিপিডি: হাছান
বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম ‘কম বাড়লেও’ সিপিডি ‘উল্টো কথা’ বলেছে দাবি করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রতিষ্ঠানটি ‘গবেষণা ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে’ প্রতিবেদন দেয়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন।
সারা দুনিয়ায় খাদ্যের দাম বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “ইউরোপে গত কয়েক দশকের মধ্যে খাদ্যপণ্যের দাম এখন সর্বোচ্চ এবং রুটির দাম ৮০ শতাংশ বেড়েছে, চালের দাম বেড়েছে।
আমেরিকায় খাদ্যপণ্যের দাম বেড়েছে, সারা দুনিয়ায় দাম বেড়েছে। এটির দুটি কারণ- প্রথমত করোনা, আরেকটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। সে কারণে সব জায়গা বেড়েছে। ভারতে, পাকিস্তানে সব জায়গা বেড়েছে।
“বাংলাদেশে সেই তুলনায় বাড়ে নাই, কিছুটা বেড়েছে, তাদের তুলনায় কম বেড়েছে।”
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, “অথচ সিপিডি বলছে উল্টা কথা। সিপিডি আসলে কোনো গবেষণা করে না।
“তারা সময়ে সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রিপোর্ট পেশ করে এবং তারা যে জ্ঞানী এটা কিছু ভুল তথ্য উপস্থাপন করে প্রমাণ করে। আপনারা জানেন যে, কেউ কিছু করলে সেটিতে ভুল ধরা ছাড়া তাদের কোনো কাজ নাই।”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসময় বলেন, সারা দুনিয়ায়ই যে দাম বেড়েছে সে কারণে বাংলাদেশে কিছু ভোগ্যপণ্যের দাম বেড়েছে ‘যেগুলো মূলত আমদানি নির্ভর’।
“সেটিকে সামাল দেয়ার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে এই পণ্যগুলো কিনতে পারে সেজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে এই সমস্ত পণ্য দেয়ার কাজ শুরু করেছে গতকাল থেকে।”
দেশের মানুষের মধ্যে ‘স্বস্তি ফিরে এসেছে’ জানিয়ে তিনি বলেন, “সিপিডির তো উল্টা বলতে হবে বা সরকারের এই কাজের প্রশংসা না করে বা এখানে তারা পরামর্শ দিতে পারতো, সেটি না করে তারা একটা রিপোর্ট দিয়েছে।”
‘দেশের মানুষ ভালো নেই’, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিপরীতে জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশের মানুষ ৭ ধাপ এগিয়েছে উল্লেখ করে এটাকে ‘প্রচন্ড চপেটাঘাত’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
“এই নিয়ে তাদের কোনো কথা নাই। সুখী ইনডেক্সে যে আমরা সব ধাপ এগুলাম ভারত, পাকিস্তান থেকে অনেক উপরে ভারতের অবস্থান ১৩৬ পাকিস্তানের অবস্থান ১২৬ আমাদের অবস্থান ৯৪।
“আমরা যে অনেক দূরে এগুলাম এটি নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু বিএনপি নয় আরেকটি পক্ষ আছে তারা মনে করে তারা খুব জ্ঞানী এবং জ্ঞানী এটা প্রমাণ করার জন্য শুধু ভুল ধরা।
“আমরা যে কাজ করছি সেটির শুধু ভুল ধরা। ওদের কাজ হচ্ছে ভুল ধরা, অন্য কোনো কাজ নাই।”
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় গবেষণা প্রতিষ্ঠানটি সম্পর্কে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
“তারা জনগণকে পাঁচটি টাকাও দেয় না, তারা জনগণের পাশে দাঁড়ায় না। এই করোনাকালে দূরবীন দিয়েও তাদের পাশে দাঁড়াতে আমরা দেখি নাই। নানা সংকটের সময়, যখন ঘুর্ণিঝড় হয় তখন কোনো কিছুতেই তাদেরকে দেখা যায় না।
“কিন্তু মাঝে মধ্যে তারা হঠাৎ হঠাৎ একটা রিপোর্ট প্রকাশ করে, বিভিন্ন সংগঠন আছে, তারমধ্যে একটি হচ্ছে সিপিডি।
কই সুখী ইনডেক্স নিয়ে তো তাদের কোনো কথা নাই।
“সিপিডি তো বাংলাদেশ যে সুখী ইনডেক্সে ৭ ধাপ আগালো এটি নিয়ে কোনো বক্তব্য নাই। আজকে আমি সিপিডির রিপোর্ট দেখে খুব আশ্চর্য হলাম। বাংলাদেশের মানুষ যে সুখী হচ্ছে এটি নিয়ে কোনো কথা নাই, উল্টা কথা বলে বসলো।”
