২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: বিএনপির ৫ দিনের প্রতিবাদ কর্মসূচি

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির’ প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া ও প্রতীকী অনশনের পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 12:52 AM

Updated : 02 Aug 2022, 03:10 PM

শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি শুরু হবে ২২ মার্চ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে। এরপর ২৪ মার্চ থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে প্রতীকী অনশন পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরীতে, ৩০ মার্চ সব জেলা সদরে, ৩১ মার্চ সব উপজেলায় এবং ২ এপ্রিল ঢাকা মহানগরীতে প্রতীকী অনশন পালন করা হবে।

সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করে।

ওই কর্মসূচি শেষ হওয়ার পর নতুন এ কর্মসূচি ঘোষণা করা হল।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এতে আছে ২৬ মার্চ সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন এবং পরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত এবং ৩০ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ, কেন্দ্রীয় ও সারাদেশে দলীয় কার্যালয় আলোকসজ্জা ও জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সব ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।