দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সব অর্জন ‘খেয়ে ফেলবে’: মেনন
পরিকল্পিতভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে অভিযোগ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারেরে সব অর্জন ‘খেয়ে ফেলবে’ বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ইউক্রেইন যুদ্ধের কারণে নিত্যপণ্যসহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে, ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে রাশেদ খান মেনন বলেন, “যুদ্ধের জন্য জিনিসের মূল্যবৃদ্ধি ঘটেছে এটা ঠিক নয়।
“খুবই পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। সরকার যদি এর নিয়ন্ত্রণ না করেন তখন এই মূল্যবৃদ্ধির ভাগই সরকারের সব অর্জনকে খেয়ে ফেলবে।”
আগামী ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠানের আহবান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, “জনগণের দাবিকে উপহাস করা, তাকে দমানোর চেষ্টা বুমেরাং হয়ে দেখা দেবে।”
অনুষ্ঠান দেশের বাইরে চিকিৎসাধীন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাশেদ খান মেননের সভাপতিত্বে মহামারীর সময় পার্টির এবং দেশ-বিদেশের বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন পলিটব্যুরোর সদস্য কামরালুল আহসান। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর প্রস্তাব উপস্থাপন করেন পলিট ব্যুরোর সদস্য আলী আহমেদ এনামুল হক।
