২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ‘অপরাজনীতির ইস্যু’ খোঁজে: হানিফ

অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 07:43 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ আহ্বান জানান তিনি। 

হানিফ বলেন, “যেকোনো বিষয়ে বিএনপি অপরাজনীতির ইস্যু খোঁজে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

“বিএনপি যদি দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  বিএনপির মিথ্যাচার অপপ্রচার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না, যেকোনো মূল্যে তাদের অপরাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।”

আর কত কথা বলার সুযোগ দিলে বিএনপি বলবে দেশে গণতন্ত্র আছে? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি প্রতিদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের দলের নেতারা প্রতিদিন টেলিভিশনে টকশোতে মিথ্যা কথা বলে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে ।

“তার পরও তাদের শান্তি হচ্ছে না। কথায় কথায় বলে আমরা তাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, দেশে কোনও গণতন্ত্র নেই। আর কোন গণতন্ত্র চায় তারা? আর কতো কথা বলতে দিলে তাদের মনে হবে যে গণতন্ত্র রয়েছে? বিএনপি যদি মনে করে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে, পেট্রল-বোমা মারলেই গণতন্ত্র আছে তাহলে সেটি বিএনপি আর দেখবে না। এমন গণতন্ত্র তাদেরকে আর দেওয়া হবে না।”

নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, “যখন নির্বাচন কমিশন গঠনের সময় আসলো, শেষ সময় বিএনপি দাবি করলেন, আমরা নির্বাচন কমিশন গঠনে আইন চাই। তখন আমাদের আইনমন্ত্রী বলেছিলেন, এত স্বল্প সময়ে নির্বাচন কমিশন গঠন আইন করা কঠিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একাধিকবার বলেছিলেন, সরকার চাইলে নির্বাচন কমিশন গঠন আইন একদিনে পাস করতে পারে।

“বিএনপির দাবির প্রতি শ্রদ্ধা রেখে আইনমন্ত্রী বিলটির খসড়া সংসদে উত্থাপন করলেন, সেখানে বিএনপি-জাতীয় পার্টিসহ সব দলের সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্তভাবে সংসদে উত্থাপন করলেন। সর্বসম্মতিক্রমে বিলটি পাস হলো।

“বিলটি পাস হওয়ার পরে তাদের কথা চেঞ্জ। এখন বলে সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন ও আইন তৈরি করলেন। বিএনপির সকালে এক কথা, বিকেলে আরেক কথা। মিথ্যাচারের রাজনীতি করা ছাড়া বিএনপির আর কিছু করার নেই।” 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী  মায়া, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর ৪ আসনের সাংসদ শফিকুর রহমান, চাঁদপুর ২ আসনের সাংসদ নুরুল আমিন রুহুল এ সময় উপস্থিত ছিলেন।