২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সভাপতি আসছে সিপিবিতে

কংগ্রেসের পর নতুন সভাপতি ঠিক করতে আগামী শুক্রবার বৈঠকে বসবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটি। তবে সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ দায়িত্ব আর পাচ্ছেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 09:47 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

গোপন ব্যালটে সোমবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় ও কন্ট্রোল কমিটির নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সিপিবির দ্বাদশ কংগ্রেস। সেখানে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন।

বৈঠকের মধ্য দিয়ে নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঠিক করবে কে হবেন দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সিপিবির দ্বাদশ কংগ্রেসে নির্বাচিত গণমাধ্যম উপ-কমিটির আহ্বায়ক মঞ্জুর মঈন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পরবর্তী কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। যাদের মধ্যে কংগ্রেসে ৪৩ জন নির্বাচিত হবেন। অপর ৬ জন সদস্য পরবর্তীতে কো-অপশন করে পূরণ করা হবে।

গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আবারও সভাপতি হিসেবে থাকার সুযোগ থাকলেও গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব কংগ্রেসে নাকচ করে দেওয়া হয়।

এ বিষয়ে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গঠনতন্ত্র সংশোধন করতে হলে কংগ্রেসের এক মাস আগে চিঠির মাধ্যমে প্রস্তাব রাখতে হয়।

“সেই অনুযায়ী কয়েকজন গঠনতন্ত্র সংশোধন করে তৃতীয়বার সভাপতি রাখার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কাউন্সিলে সেই প্রস্তাব পাস হয়নি। এবার ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জনকে কাউন্সিলররা নির্বাচিত করেছেন।”

আগামী শুক্রবার এই ৪৩ জন বসে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন বলে জানান তিনি।

দ্বাদশ কংগ্রেসে উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকা সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বাদশ কংগ্রেসে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব উঠেছিল। কংগ্রেসে সেটা পাশ হয়নি।

“যার কারণে সদ্যবিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতি পদে নির্বাচন করার আর কোনো সুযোগই থাকছে না।”

টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর দুই মেয়াদে সভাপতি ছিলেন ডাকসুর সাবেক ভিপি সেলিম।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সিবিপির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হচ্ছেন: মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার লাইলি, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আবিদ হোসেন, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মহসিন রেজা, মোতালেব মোল্লা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামসুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আখতার, কাবেরী গায়েন, এএন রাশেদা, লুনা নূর, আসলাম খান ও মানবেন্দ্র দেব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির বিধান অনুযায়ী নবনির্বাচিত কমিটির সভায় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কর্মকর্তা নির্বাচিত হবে।

কংগ্রেসে ৭ সদস্যের একটি কন্ট্রোল কমিশনও গঠন করা হয়। কংগ্রেস এই কমিশনের ৫ সদস্যকে নির্বাচিত করেছে। এরা হলেন, মাহাবুবুল আলম, কাজী সোহরাব হোসেন, অধ্যাপক মো. আবু সাঈদ, অধ্যক্ষ আবু হোসেন ও সুজাত আলী।