২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র নস্যাৎ করতে ইসিকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি: নাছিম

বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 11:50 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নাছিম বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী যেভাবে ইসি গঠন করবেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটির চূড়ান্ত কাজ চলার মধ্যে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেখা যাবে যে, সেই হুদার (কে এম নুরুল হুদা) মতোই লোক (সিইসি) হবে।”

এর জবাবে নাছিম বলেন, “গণতন্ত্র বিপন্ন হোক এটা মির্জা ফখরুলরা সব সময় চায়। গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক, তারা চায় না। বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিএনপি নেতারা প্রশ্নবিদ্ধ করতে চায়।”

৩ মাসের মধ্যে সব জেলা উপজেলায় সম্মেলন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হবে এ বছরের ডিসেম্বরে। এর আগেই সব জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে চাইছে ক্ষমতাসীন দলটি।

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে নাছিম বলেন, “আজকে সভার মধ্য দিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

“আমাদের সভাপতি প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানো। তিন মাসের মধ্যে সম্মেলন করার যে নির্দেশনা তিনি দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করব। যেখানে সম্মেলন বাকি আছে সেগুলো সম্পন্ন করব।”

তিনি বলেন, “আমরা বরিশাল বিভাগ দিয়ে শুরু করব। বরিশালের মোট ৪টি জেলার সম্মেলন বাকি আছে। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে। সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালী করে বিএনপি-জামায়াত যে অপরাজনীতি সৃষ্টি করেছে, দেশবাসীকে একত্রিত করে এর জবাব দেবে আওয়ামী লীগ।” 

তৃণমূলে দ্বন্দ্বের মধ্যে সম্মেলন কতটুকু সফল হবে বলে মনে করছেন- এ প্রশ্নের জবাবে নাছিম বলেন, “আওয়ামী লীগ একটি বড় দল। আমাদের নেতা কর্মীদের কোনো অভাব নাই। দেশের যতগুলো বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফলাফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, আমাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, ১২ মার্চের সভার মধ্যে দিয়ে তা আমরা কমিয়ে আনব।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সদস্য গোলাম রব্বানী চিনু, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।