২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতাহীন’ ইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: জি এম কাদের

‘ক্ষমতাহীন’ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইসি গঠনের আইন নতুন মোড়কে পুরনো জিনিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 05:02 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

শনিবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাপার কো-চেয়ারম্যানদের এক সভায় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, “জাতীয় পার্টি চায় শক্তিশালী নির্বাচন কমিশন; যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থ হবে।

“অনুসন্ধান কমিটির দিকে জাতি তাকিয়ে আছে। দেশের মানুষ অপেক্ষা করে আছে- কাদের নাম প্রস্তাব করে অনুসন্ধান কমিটি।”

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি কাজ করছে। এক সপ্তাহের মধ্যে দুটি সভা করেছে। সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞসহ বিশিষ্ট জনের তালিকা চূড়ান্ত করে আমন্ত্রণ জানিয়েছে; নাম চেয়ে সময়সীমাও বেঁধে দেয়।

সার্চ কমিটির কাছে প্রস্তাবিতদের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ইমেইলে ও সরাসরি গিয়ে জমার শেষ সময় ছিল শুক্রবার। ইতোমধ্যে নির্ধারিত সময়ে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে কয়েকশ’ নাম প্রস্তাব পেয়েছে।

সবার সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী যোগ্য বিবেচিতদের মধ্যে ১০ জনের নাম প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির কাছে। তাদের ভেতর থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। সেই ইসির ওপরই থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

দলীয় সভায় জাপা চেয়ারম্যান কাদের আরো বলেন, “নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আমরা একটি আইন চেয়েছিলাম। আমরা চেয়েছি, আইনে নির্বাচন কমিশনকে যেন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তাই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস।”

“তবে অনুসন্ধান কমিটিতে যারা মনোনীত হয়েছেন, তারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। সঠিক ব্যক্তিদের অর্থাৎ যারা যোগ্য ও গ্রহণযোগ্য তাদেরই নির্বাচন কমিশনের জন্য বাছাই করে সুপারিশ করবেন- এ প্রত্যাশা করছি। মহামান্য রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কী নির্বাচন কমিশন উপহার দেন-জাতি এই মুহূর্তে সেটি দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।”

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা।