২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ হলে ফখরুল-বিএনপির বিচার হতো: তথ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে চিঠিদাতাদের বিচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 09:25 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

তার ভাষায়, "বিএনপি মহাসচিব দেশকে সাহায্য দেওয়া বন্ধের জন্য যে চিঠি লিখেছেন, এটি যদি ইউরোপের কোনো দেশ হতো তাহলে মির্জা ফখরুল এবং বিএনপির বিরুদ্ধে মামলা হতো এবং তিনি রাজনীতিতে অযোগ্য হতেন এবং তার বিচার হতো।"

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি মনে করি, দেশের বিরুদ্ধে, দেশকে সাহায্য দিতে নিষেধ করে, সাহায্য দিলেও সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য বিদেশে চিঠি দেওয়ায় মির্জা ফখরুলের বিচার হওয়া উচিৎ, বিএনপির বিচার হওয়া উচিৎ।

"বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে, দেশের রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অর্থাৎ বিদেশের কাছে দেশকে হেয় প্রতিপন্ন করার জন্য লবিস্ট নিয়োগ করেছে -এই অভিযোগ যখন আমরা উপস্থাপন করলাম, তখন বিএনপি প্রথমে অস্বীকার করেছিল। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে বললেন, তিনি কোনো চিঠি দেন নাই।"

হাছান মাহমুদ বলেন, "যখন আমরা বিএনপির প্যাডে মির্জা ফখরুল স্বাক্ষরিত চিঠি এবং সেই চিঠিতে তিনি বাংলাদেশকে সাহায্য দেওয়া বন্ধ করার যে কথা বলেছেন এবং একইসাথে বিএনপি কার্যালয়ের ঠিকানা দিয়ে তারা যে লবিস্ট নিয়োগ করেছে সেই দলিল-দস্তাবেজ গণমাধ্যমে উপস্থাপন করলাম, তখন তারা নিশ্চুপ হয়ে চুপসে গেলেন।

"তাদের অপকর্ম দেশের মানুষের কাছে যখন উন্মোচিত হলো তখন তাদের আর কোনো জবাব নেই। সেজন্য তারা এখন নানা প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করবে, তাদের অপকর্ম ঢাকার জন্য নানা কথা বলবে এটি খুবই স্বাভাবিক।"

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য টিকা কার্যক্রম পরিচালনা করেছেন এবং করে যাচ্ছেন, এটি বহু উন্নয়নশীল দেশ করতে পারেনি।

“যে ভাসমান জনগোষ্ঠী, বস্তিবাসী এবং কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন, তারা ধারণাই করেনি যে সরকার এভাবে টিকা দেবে। সরকার খুঁজে খুঁজে বের করে মানুষকে টিকা দিচ্ছে। এটি বহু দেশ করতে পারেনি।”