সার্চ কমিটিতে নাম দেওয়া ‘অর্থহীন’: ফখরুল
নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করে দিয়েছেন, তাদের কাছে নাম দেওয়া ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমাদের কাছে এইগুলোর কোনো মূল্য নাই, অর্থহীন। আমাদের নাম দেওয়ার তো প্রশ্নই ওঠে না।
“আমরা গতবারের অভিজ্ঞতা এবং এর আগের অভিজ্ঞতা থেকে দেখেছি, এগুলোতে কোনো লাভ হয় না। সরকারে যে থাকে, তার পছন্দনীয় কমিশন তারা তৈরি করবে, সেটাই তারা তৈরি করে।”
নতুন সিইসি ও নির্বাচন কমিশনার খুঁজতে গঠিত সার্চ কমিটির সদস্যরা রোববার প্রথম বৈঠকে বসেন। তাদের সিদ্ধান্তে রাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কছে নামের প্রস্তাব চেয়ে গণবিজ্ঞপ্তি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। চার দিনের মধ্যে দলগুলোকে দশ জনের নামের তালিকা পাঠাতে বলা হয়।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই সার্চ কমিটির অপর সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
সার্চ কমিটি গঠনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “সার্চ কমিটি যেটা বলছেন আপনারা।… আমি তো আগেও বলেছি, ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল। গত দুইবার যেভাবে করেছে, ঠিক একইভাবে আবারো জাস্ট একটা খোলস লাগিয়ে…।”
এই সার্চ কমিটি কী সুপারিশ করতে পারে, তা নিয়ে বিএনপির সংশয়ের কথা প্রকাশ করে দলের মহাসচিব বলেন, “দেখা যাবে যে, সেই হুদার (কেএম নুরুল হুদা) মত লোকজনকেই তারা করবে। এই সার্চ কমিটির মধ্যে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে, বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। একজন আছেন যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন।”
ফখরুলের ভাষায়, ‘এমন একটি’ সার্চ কমিটিই যে হবে, তা তারা ‘আগে থেকেই’ জানতেন।
“জানি বলেই প্রেসিডেন্টের কাছে যাওয়ার ব্যাপারে আমরা ‘না’ করে দিয়েছি। এখনো বলেছি যে, এই নির্বাচন কমিশন ও সার্চ কমিটি… আওয়ামী লীগ সরকারের অধীনে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। নির্বাচনও গ্রহণযোগ্য হবে না যদি নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকারে থাকে। আমরা মনে করি, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না।”
বিএনপি মহাসচিব এদিন সকালে পান্থপথের বিআরবি হাসপাতালে নাটোরের গরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজকে দেখতে যান। গত ৪ ফেব্রুয়ারি গুরুদাসপুরে ‘সন্ত্রাসীদের হামলায়’ গুরুতর আহত হন আজিজ। পরে ঢাকায় এনে তাকে ওই হাসপাতাল ভর্তি করা হয়।
বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছে আব্দুল আজিজের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নাটারের স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
‘নিপীড়ন বেড়েছে’
মির্জা ফখরুল বলেন, “কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর ওপর সরকারি নিপীড়ন বেড়েছে। আপনি দেখেন, কয়েকটা পর পর ঘটনা ঘটেছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপরে আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ অনেকটা বেড়েছে। পত্রিকার খবরগুলো লক্ষ্য করলে দেখবেন।”
“গণতান্ত্রিক সমস্ত স্পেসগুলোকে তারা ধবংস করে দিচ্ছে। একটা মিটিং করতে দেয় না। গতকাল আমাদের নয়া পল্টনের অফিসের সামনে ছাত্রদলের উত্তরের ছেলেরা একটা সভা করতে গিয়েছিল। সেখানে জয়গা পর্যন্ত দেওয়া হয়নি। কোনো স্পেস দেওয়া হচ্ছে না।”
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এখন ‘গোটা বিশ্বে স্বীকৃত’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
“ইতোমধ্যে বাংলাদেশের র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করে দেখবেন, এই ধরনের নিষেধাজ্ঞা তখনই আসে যখন একটা দেশে মানবাধিকার লঙ্ঘন হয়, জনগণকে নির্যাতন করা হয় এবং জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে সরকার, তখনই এটা (নিষেধাজ্ঞা) হয়।”
এক প্রশ্নের জবাবে মিয়ানমারের সেনাশাসিত সরকারের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘‘চরিত্র একটাই। বাংলাদেশ সরকারের যে চরিত্র, মিয়ানমার সরকারের একই চরিত্র। ওরা মিলিটারি, ক্ষমতা জান্তা নিয়েছে। মিলিটারি জান্তার সাথে এদের কোনো পার্থক্য নেই।”
“এরাও (সরকার) জনগণকে বন্দুকের নল দিয়ে দমিয়ে রাখছে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিচ্ছে।”
