চেয়ারম্যান-মহাসচিবের বাইরে কথা বললে ব্যবস্থা: জাপা
দলের নীতিনির্ধারণী বিষয়ে চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ কথা বললে তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী হবে বলে হুঁশিয়ার করেছে জাতীয় পার্টি।
রোববার দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়া অন্য কারও বক্তব্য জাতীয় পার্টির নীতি নির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না।
গেল বছর ২১ ডিসেম্বরের প্রেসিডিয়াম সদস্যদের সভার সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান পার্টি প্রধান হিসেবে দলের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। মহাসচিব মোঃ পার্টির মুখপাত্র হিসেবে কাজ করবেন।
“নীতি নির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হবে।”
