তথ্যমন্ত্রী ইভিএমের মতই ‘মিথ্যাচারে লিপ্ত’: রিজভী
ইভিএমে ধানের শীষের ভোট দেওয়া হলেও ‘তা নৌকায় চলে যায়’ দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, তথ্যমন্ত্রীর কথাবার্তাও ওই ‘ইভিএমের মত’।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এক বক্তব্যের প্রসঙ্গে টেনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
তিনি বলেন, “তথ্যমন্ত্রী গতকাল বলেছেন, বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। তথ্যমন্ত্রী যেন আওয়ামী লীগের ইভিএমের ন্যায় ভূমিকা পালন করছেন। অর্থাৎ যা কিছু ঘটছে, সেটাকে শুধু ‘অপকর্ম’ বলে না, বরং মিথ্যা কথা চাপিয়ে দেয়।
“যেমন আওয়ামী লীগের ইভিএমে আপনি যদি ধানের শীষের ভোট দেন ওটা চলে যাবে নৌকায়। ঠিক তথ্যমন্ত্রীর বক্তব্যও সেইরকম, আওয়ামী লীগের সেই ইভিএমের মত। যে প্রতীকে বোতাম (ইভিএম) চাপ দেওয়া হোক না কেনো, তা যেমন নৌকায় চলে যায়, ঠিক তেমনি সারাদেশে নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী।”
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের বেলকুচির রান্ধনীবাড়ী এলাকায় যুবদল নেতা আকবর আলীকে হত্যর ঘটনা তুলে ধরে রিজভী বলেন, “আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করেছেন আলী আকবরকে।
“তথ্যমন্ত্রীকে বলতে চাই, এভাবে সারা দেশে নিজেদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, এটা কোনো উন্নয়নের কাজ? সকলের কাছে দৃশ্যমান- আপনাদের লোকেরাই সরাসরি সিরাজগঞ্জে যুবদল নেতাকে হত্যা করেছে। এটা কি আইনসম্মত কাজ?”
রিজভী বলেন, “জনগণ এই রক্তাক্ত ঘটনাকে আওয়ামী আইনের শাসনের কাজ বলেই বিবেচনা করে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণির মানুষ গুমের শিকার; সব মিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছে। এই অনাচার ও রক্তাক্ত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করা কি রাষ্ট্রদ্রোহিতা? তথ্যমন্ত্রীর কথা যে নির্জলা মিথ্যাচার, এটি সবাই জানে।”
আলী আকবর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
প্রতিবাদ কর্মসূচি
যুবদল নেতা আলী আকবর হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সারাদেশে যুবদল প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
“আওয়ামী লীগের কাছে অহং ও ক্ষমতালিপ্সা বাংলাদেশের চেয়েও প্রিয়। ক্ষমতাসীনদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে, বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতা ধরে রাখা। আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গুম-খুনের ওপর নির্ভরশীল একটি দল।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, সময় অত্যাসন্ন। ভোট ডাকাতি, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা, লাখ লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা ও রাষ্ট্রীয় কাঠামো তছনছ করে দেওয়ার সঠিক বিচার একদিন এদেশের মাটিতেই হবেই। দুর্বৃত্তরা কখনো পার পায় না।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন, এসএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
