২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ‘না’ রোগে পেয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের শঙ্কা সরকারের সবকিছু নিয়ে সমালোচনা আর ‘না’ বলার অভ্যাস বিএনপিকে অস্তিত্বহীন করে তুলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 07:58 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস মহামারী প্রতিরোধসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশন আইনে বিএনপির সংসদ সদস্যদের সংশোধনী গ্রহণের পরও তাদের সমালোচনার অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, “আসলে বিএনপিকে ‘না’ রোগে পেয়ে বসেছে। সবকিছুতেই না বলা। না বলতে বলতে নিজেরাই যে কখন নাই হয়ে যায়, আমি সেই শঙ্কার মধ্যে আছি।“

করোনাভাইরাসের টিকা নিয়ে অপপ্রচার চালানোর জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, যারা সমালোচনা করেছিলেন তাদেরকেও আমরা করোনার টিকার বুস্টার ডোজ দিয়েছি, বিএনপির যে নেতারা এখনো বুস্টার ডোজ নেননি, আসুন আমরা আপনাদেরকে বুস্টার ডোজ দেব, যাতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু দয়া করে অহেতুক সমালোচনা করবেন না।

হাছান মাহমুদ বলেন, "বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না।

“যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।"

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, "গণমাধ্যমে দেখলাম গতকাল (রোববার) বিএনপির একটি সভা হয়েছে, সেই সভায় পলাতক আসামী তারেক রহমান সভাপতিত্ব করেছেন। হাইকোর্টের একটি আদেশ আছে, তারেক রহমানের ব্যাপারে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। কিন্তু আমি গণমাধ্যমে সেই সংবাদ দেখলাম। এটি হাইকোর্টের নির্দেশনার বরখেলাপ।

“তাদের রাজনৈতিক দৈন্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে তাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি করতে হয়েছে। তাদের দলের সংবিধানের ৭ ধারা পরিবর্তন করা হয়েছে যে দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত যে কোনো দুর্নীতিবাজও বিএনপি নেতা হতে পারবে। অর্থাৎ দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। এই লজ্জা কার?”

এসময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।