৫ জানুয়ারির ভোটের স্মরণে বিএনপি করবে প্রতিবাদী মানববন্ধন
দশম জাতীয় সংসদ নির্বাচনের অষ্টম বর্ষপূর্তির দিন ঢাকা মহানগর এবং সব জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বলেন, “আগামীকাল ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় হবে জাতীয় প্রেসক্লাবের সামনে হবে সকাল সাড়ে ১০টায়।”
বিএনপিসহ বেশিরভাগ বিরোধী দলের বর্জনে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। ওই নির্বাচনে ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টানা দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসে আওয়ামী লীগ, আর বিএনপি সংসদের বাইরে থেকে যায়।
রিজভী বলেন, “আগামীকাল ৫ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার ও বিরোধীদলের প্রার্থীবিহীন একতরফা, বিতর্কিত, প্রতারণামূলক, হাস্যকর, শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে প্রখ্যাত জনধিকৃত এই নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ সারা দুনিয়ায় নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে।
এই বিএনপি নেতার ভাষায়, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অতীতের সব ‘কলঙ্কিত’ নির্বাচনের রেকর্ড ভেঙে ফেলে আওয়ামী লীগ।
“৫ জানুয়ারি নির্বাচনে সারা দেশের কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা। অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ভোটারশূন্য এবং কেন্দ্রগুলোতে ভোটারদের বদলে চতুস্পদ প্রাণীর বিচরণ দেখেছে বিশ্ববাসী।
“বর্তমান ভোটাধিকার হরণে দুষ্কর্মের টাটকা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। তখন ছিল (২০১৪) রকীব (রকীব উদ্দিন আহমেদ) মার্কা নির্বাচন কমিশন, এখন হল হুদা (কে এম নুরুল হুদা) মার্কা নির্বাচন কমিশন। একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী তারা।”
দশম সংসদ নির্বাচন বর্জন করলেও নিবন্ধন বাঁচানোর বাধ্যবাধকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় বিএনপি। কিন্তু সেবার বিএনপির ভরাডুবি হয়, আর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আসে।
ওই নির্বাচনের প্রসঙ্গ ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “২০০৮ সাল থেকে যে গণতন্ত্র হত্যাকারী সরকার ক্ষমতায় বসে আছে, সে ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাত্রে একই কায়দায় মানুষের অধিকার হরণ করেছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে গণতন্ত্র নির্বাসিত, মানুষের বাক স্বাধীনতাকে তালা মেরে দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেয়া হয়েছে।
“শুধু তাই নয়, বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধবংস করে দিয়েছে। বিচার ব্যবস্থাকে ধবংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।”
‘১৪৪ ধারা ভাঙছে মানুষ’
সারাদেশে সভা-সমাবেশের ওপর ‘নিষেধাজ্ঞা ও বাধাদানের’ ঘটনার সমালোচনা করে রিজভী বলেন, “এর পরও ১৪৪ ধারা ভেঙে বেরিয়ে আসছে মানুষ। বিএনপি যেখানেই সমাবেশ দিচ্ছে, সেখানেই মানুষের ঢল নামছে। দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠছে মানুষ।”
বিএনপির সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সরকার বাধা দিলে বিএনপির সমাবেশে এত লোক যাচ্ছে কীভাবে?
এর জবাব দিতে গিয়ে রিজভী বলেন, “সিরাজগঞ্জে বিএনপি সমাবেশে অস্ত্র হাতে যারা হামলা করেছে, তারা কারা? পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়ে অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, গুলি করে অনেককে আহত করেছে, এরা কারা? গাজীপুরের সমাবেশে বাধা দিয়েছে কারা? কক্সবাজার, নওগাঁ ও ফেনীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে কেন?
“হবিগঞ্জের সমাবেশে পুলিশ শত শত নেতা-কর্মীর ওপর গুলিবর্ষণ করেছে কেন? ওবায়দুল কাদের সাহেবের কাছে এসব প্রশ্নের জবাব চাচ্ছি। তাকে বলতে চাই, কর্তৃত্ববাদী হিংস্র শাসনের বিরুদ্ধে দেশের মানুষ কঠিন সংগ্রামে অঙ্গীকারাবদ্ধ। ভোটারবিহীন সরকারের দিন শেষ। গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, মাশুকুর রহমান মাশুক, আসাদুল করীম শাহিন, খান রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।
