২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈমানদার’ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠনের সুপারিশ ইসলামী ঐক্যজোটের

রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে ‘ঈমানদার’ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 09:24 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের অংশ হিসেবে বুধবার বঙ্গভবনে সংলাপে অংশ দেয় দলটি।

এদিন বাংলাদেশ ন‌্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের সঙ্গেও আলোচনা করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, “সাংবিধানিক পদে থাকা, অরাজনৈতিক, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও ঈমানদার ব্যক্তিদের মধ্য থেকে অনুসন্ধান কমিটির সদস্য করার কথা বলেছি।”

নির্বাচন কমিশন গঠনে আইন করার সুপারিশও করে এসেছে ইসলামী ঐক্য জোট।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনে ‘রাজনৈতিক বিবেচনায়’ নিযোগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছে দলটি।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

মহাসচিব ফয়জুল্লাহ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, মুফতী তৈয়্যেব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন।

বিএনএফ সভাপতি এসএম আবুল কালাম আজাদ জানান, তারা সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে ইসি নিয়োগের প্রস্তাব করেছেন।

সার্চ কমিটির জন‌্য পাঁচজনের নাম প্রস্তাব করেছেন জানিয়ে তিনি বলেন, “দুইজন প্রখ্যাত অধ্যাপক, একজন সাবেক নির্বাচন কমিশনার, একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একজন সাবেক আইজিপি নাম প্রস্তাব করা হয়েছে।”

নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘নির্বাচনকালীন সরকার’ গঠনের প্রস্তাবও দিয়েছে বিএনএফ।

বিএনএফ প্রতিনিধি দলে আরও ছিলেন দলের মহাসচিব নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ।

সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন যাতে গঠন করা যায় সে জন্য রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রকে কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে।”

সংলাপের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।