বিএনপি এখন ‘চোরাগলির’ খোঁজে: হাছান মাহমুদ
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ‘চোরাগলির পথ’ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার ঢাকার মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, জনগণের ওপর বিএনপির উর্ধ্বতন নেতাদের ‘আস্থা নেই’ বলেই সংলাপ আর নির্বাচন নিয়ে তারা ‘অবান্তর’ কথা বলছেন।
“তারা যে জনগণ থেকে অনেক দূরে সরে গেছেন, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবেন না, সেটি তারা জানেন। তাই এখন বিএনপি চোরাগলির পথ খুঁজছে, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু চোরাগলির পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে।”
সরকার আবারও ‘ভোটারবিহীন নির্বাচনের’ মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “প্রকৃতপক্ষে বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। এজন্য সবসময় তাদের ভোট থেকে পলায়নপর মনোবৃত্তি। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি, ২০১৮ সালে নির্বাচন থেকে পালাতে চেয়েছিল। অনেক নাটকীয়তার পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল।
“অপরদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর বিশ্বাস করে। আওয়ামী লীগ তার ইতিহাসে জনগণের রায় ব্যতিরেকে অন্য কোনোভাবে ক্ষমতায় যায়নি। আর বিএনপির ইতিহাস হচ্ছে চোরাপথে ক্ষমতায় যাওয়া।”
কয়েকটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনের সময় দেশ পরিচালনার জন্য ‘জাতীয় সরকার’ গঠনের যে প্রস্তাব দিচ্ছে, তাকে ‘পরিত্যক্ত রাজনীতিবিদদের পুনর্বাসনের’ চেষ্টা হিসেবে বর্ণনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “বিএনপির সাথে জোটবদ্ধ কিছু কিছু রাজনৈতিক দলের যারা জাতীয় সরকারের প্রস্তাব দিচ্ছেন, তারা সবাই পরিত্যক্ত রাজনীতিবিদ। তারা একসময় অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এখন রাজনীতিতে তারা পরিত্যাক্ত। রাজনীতিতে পরিত্যক্তরা তাদের পুনর্বাসনের লক্ষ্যে এ ধরনের প্রস্তাব দিচ্ছেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এর বাইরে কোনো সুযোগ নেই।”
সোমবার পাবনায় বিএনপির সমাবেশে সংঘর্ষ এবং একজন যুবদল নেতার ছুরিকাহত হওয়ার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি নেতারা বলেছেন, সরকার বিএনপিকে ‘ধ্বংস করার পাঁয়তারা’ করছে।
এ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপিকে দুর্বল করার জন্য অন্য কারো প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে দিচ্ছে, তাদের এই মারামারিগুলোই হচ্ছে তার বহিঃপ্রকাশ। বিএনপি যেখানেই সমাবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি, সেখানেই নিজেরা মারামারি করে নিজেদের সমাবেশ পণ্ড করে দিচ্ছে।
“এ ধরনের ঘটনা শুধু পাবনায় নয়, সারাদেশেই ঘটছে। তবে ফেনীতে তারা কি কারণে সমাবেশ স্থগিত করেছে জানি না, যদি জয়নাল হাজারীর মৃত্যুতে সমাবেশ স্থগিত করে থাকে সেজন্য তাদের ধন্যবাদ জানাই।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় পারিবারিক দাতব্য সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমাদের নৌকা মার্কার আওয়ামী লীগ সরকার সবসময় আপনাদের পাশে আছে।”
