জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান জয়নাল হাজারী। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিন বার তিনি সংসদ সদস্য ছিলেন।
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ অগাস্ট রাতে যৌথবাহিনীর (বিডিআর-পুলিশ) তল্লাশির সময় পালিয়ে ভারতে চলে যান হাজারী। ২০০৯ সালে দেশে ফিরলেও আগের সেই প্রভাব আর ফিরে পাননি। কয়েক বছর আগে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়।
