২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ‘দুঃশাসনের প্রতিফলন’ দেখছেন রিজভী

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের পেছনে ‘সরকারের দুঃশাসনের প্রতিফলন’ দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 05:23 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চারশ যাত্রী নিয়ে যাত্রা শুরু করা লঞ্চটিতে অগ্নিকাণ্ডের সময় হাজারখানেক যাত্রী অবস্থান করার কথা আসছে।

“এটা কি করে সম্ভব? সেই লঞ্চটির ধারণ ক্ষমতা কত? সেখানে কি চারশ জন যাত্রী নেওয়া যায়?... কোনেো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, সরকারের কোনো মনিটরিং নেই। প্রত্যেকটি জায়গায় দুর্বৃত্তদের দাপট এবং দৌরাত্ম।

“নৌ-পরিবহনে দুর্বৃত্তদের দাপট বলেই কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করা হয় না। আর এই কারণে জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই প্রতিফলন।”

ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগার পর শুক্রবার বিকাল পর্যন্ত ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭২ জনকে আহত ও দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী লঞ্চের অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, “সর্বত্র সরকারি দলের দৌরাত্মের কারণে সাধারণ মানুষের জীবনহানিসহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষ হত্যার বীরত্বে আওয়ামী সরকার দারুণ উল্লসিত। তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কে মরল, কে বাঁচল তাদের কোনো যায় আসে না।”

‘ফের বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বিদ্যুত, গ্যাস ও সারের দাম বৃদ্ধির উদ্যোগের যে খবর গণমাধ্যমে এসেছে, সে বিষয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “গত ১২ বছরে বিদ্যুতের দাম এই অবৈধ সরকার ১০ বার বৃদ্ধি করেছে। এখন পুনরায় বৃদ্ধি হলে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হবে। বিদ্যুত, গ্যাস, পানির দাম বৃদ্ধির এই উদ্দেশ্য অশুভ।

“এর বিরূপ প্রতিক্রিয়া হবে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের গৃহস্থালী কাজে, মুদ্রাস্ফীতি তীব্র রূপ ধারণ করবে। ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনদের দ্বারা পরিচালিত কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রের যারা মালিক, তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য জনগণের টাকা লোপাট করতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধির এই পাঁয়তারা হচ্ছে।

“সরকারের বিদ্যুৎ, গ্যাস, সারের দাম বৃদ্ধির প্রস্তাব হচ্ছে জনগণকে নিঃশেষ করে দেওয়া। বিএনপির পক্ষ থেকে আমি সরকারের এই প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

কক্সবাজারে এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণের ঘটনাতেও সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা রিজভী।

দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, “এই নারকীয় ঘটনা বর্তমান দুঃশাসনেরই একটি চিত্র।”

স্থানীয় একজন সাংসদ এবং ছাত্রলীগ নেতার সঙ্গে ওই ধর্ষণ মামলার আসামির ছবি পাওয়ার কথা যে সংবাদমাধ্যমে এসেছে, সে কথা তুলে ধরে রিজভী বলেন, “সরকারি দলের এই নিকৃষ্ট নুমনা নিয়ে আর কি বলা যেতে পারে। ক্ষমতাসীনদের পৃষ্ঠপোশকতায় এখন শকুন ও হায়েনারদের জয়জয়াকার।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় পুলিশের অভিযোগপত্র দেওয়ার সমালোচনা করেন রিজভী। সেই সঙ্গে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মীসভায় ‘পুলিশি হামলার’ অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির, জাসাসের সৈয়দ আশরাফুল মজিদ খোকন ও ছাত্রদলের আবদুস সাত্তার পাটোয়ারি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।