বিজয় শোভাযাত্রা ‘জেগে’ ওঠার সূচনা: ফখরুল
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিজয় শোভাযাত্রা করে একে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শুভ সূচনা’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে ঢাকায় বিজয় শোভাযাত্রা করে বিএনপি। বর্ণিল এই শোভযাত্রায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
নয়া পলটন থেকে শোভাযাত্রা বের হওয়ার আগে সমাবেশ ফখরুল বলেন, “আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের নতুন করে জেগে উঠবার র্যালি, আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের সংগ্রাম শুরু করার র্যালি, আজকের এই র্যালি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি।”
দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি নতুন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর ঘোষণা দিচ্ছে।
এই আন্দোলনে সফল হওয়ার আশা প্রকাশ করে ফখরুল বলেন, “এর মধ্য দিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব, তার আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। একই সাথে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি ১৯৭১ সালে শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে নির্বাসিত জীবন থেকে দেশে ফিরিয়ে এনে এখানে আমাদের নেতৃত্বে বসাতে পারব।”
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলার পাশাপাশি খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ এবং জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি দাবি করেন, একাত্তরে জিয়ার আহ্বানেই এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, তিনি আজকে এই সরকারের মিথ্যা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।”
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে, তারা আজকে ১৯৭১ সালের সমস্ত আশা-আকাঙ্ক্ষাগুলোকে, চেতনাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে গোটা জাতির উপরে নির্যাতন-নিপীড়নের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে।
“তারা একে একে আমাদের অর্জিত সমস্ত কিছু, আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করেছে, আমাদের স্বাধীনতা ধ্বংস করেছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লেখার অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।”
“সেইজন্য এই র্যালি আজকে গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।
বিএনপি কার্যালয়ের সামনে দুপুরের পর এই সমাবেশ ও শোভাযাত্রা হলেও তার অনেক আগে থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়। এক পর্যায়ে সমাবেশ নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পৌঁছে যায়। কর্মীদের হাতে ছিল লাল-সবুজ জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় খোলা ট্রাকের মঞ্চে দলটির মহাসচিব মির্জা ফখরুল সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শোভাযাত্রা শুরুর ঘোষণা দেন।
পরে তিনিসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হেঁটে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার সামনে ছিলো মুক্তিযোদ্ধা দল এবং এরপরে মহিলা দল ও ছাত্রদল। কৃষক দলের কর্মীরা ‘সবুজ রঙ’ এবং যুবদলের কর্মীরা ‘লাল রঙ’ এর টুপি পড়ে শোভাযাত্রায় অংশ নেয়।
খালেদা জিয়ার অসুস্থতা প্রতীকীরূপে ফুটিয়ে তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেত্রী। স্যালাইন লাগিয়ে একটি ট্রাকে তার শুয়ে থাকার দৃশ্য অনেকেরই চোখে পড়ে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা সর্বক্ষণই স্লোগান দিচ্ছিল- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেব না’।
নয়া পল্টনে থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবার নয়া পল্টনে ফিরে শেষ হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা ও সমাবেশের কারণে কাকরাইল, মালিবাগ, বিজয়নগরসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
শোভাযাত্রায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ, জয়নাল আবেদীন, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, শামীমুর রহমান শামীম,আবদুস সালাম আজাদ, অনিন্দ্র্য ইসলাম অমিত, আবদুল খালেক, আমিরুল ইসলাম আলিম, আমিরুজ্জামান শিমুল, আকরামুল হাসান, হায়দার আকবর লেলিন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, সাদেক আহমেদ খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আনোয়ার হোসেইন, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, হেলাল খান, রফিকুল ইসলাম মাহতাব, আবদুল কালাম আজাদ, হারুন আল রশিদ, আবদুস সালাম, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল।
