ষড়যন্ত্র চলছে, মোকাবেলা করতে হবে: নানক
আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তা মোকাবেলায় দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেছেন জাহাঙ্গীর কবির নানক।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডেমরা থানার ৪৬ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল ইউনিয়নের ইউনিট সম্মেলনে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, “নির্বাচনের দুই বছর বাকি, এই সময়ে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এজন্য দরকার এক মাত্র সাংগঠনিক শক্তি।”
তিনি বলেন, “একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছে, তাদের বিচার হয়েছে, কিন্তু যারা এই হত্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত, তাদের মুখোশ এখনো উন্মোচন করা হয়নি। তাদেরও মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য শেখ ফজলে নূর তাপস সভায় বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম সারির কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জানিয়েছে। কী কারণে? তাদের দোষ তারা জঙ্গিবাদকে নির্মূল করেছে। দেশ থেকে আগুন সন্ত্রাস নির্মূল করেছে। এটা অত্যন্ত নিন্দার বিষয়। এটা মূলত ষড়যন্ত্র একটি নীল নকশা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় নানক বলেন, “মির্জা ফখরুল সাহেব বলেছেন, খালেদা জিয়া ছিলেন মুক্তিযোদ্ধা, তারেক রহমান ছিলেন শিশু মুক্তিযোদ্ধা! ফখরুল সাহেব, জানজুয়াকে তো একদিন মুক্তিযোদ্ধা বলবেন! কবে বলবেন? মতিউর রহমান নিজামী মুক্তিযোদ্ধা ছিল, সেটাও বলবেন। আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি।”
মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্তের সঞ্চালনায় সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বক্তব্য রাখেন।
