২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’, বিদেশে চিকিৎসার সুযোগ দিন: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘উন্নত চিকিৎসার’ জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 03:37 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থা তুলে ধরে ফখরুল এ আহ্বান জানান। 

তিনি বলেন, “তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না যে… গতকাল তিনি প্রথম সিসিইউতে তার বেড থেকে চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।”

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “আজকে যখন অসুস্থ অবস্থায় তিনি (খালেদা জিয়া) হাসপাতালে আছেন, তখন আমরা পত্রিকায় দেখছি, পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে।

“আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে সুযোগ দেওয়া হোক। আজকে আমরা তাই বলতে চাই যে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।

“দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে।”

ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, “এই নেত্রী (খালেদা জিয়া) গণতন্ত্রের নেত্রী এবং তার যদি কিছু হয়ে যায়, সমস্ত দায়-দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে।”

৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মির্জা ফখরুল বলেন, “এ অসুখগুলোর যদি সত্যিকার অর্থে সুষ্ঠু চিকিৎসা করতে হয় তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই যা এই মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজের চিকিৎসা করতে পারে।

“এজন্য বার বার বলা হয়েছে এবং তার পরিবারের থেকে আবেদন করা হয়েছে যে, অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক। আমরা এই বিষয়ে বার বার করে বলেছি, বার বার আমরা কথা বলেছি। কিন্তু তাকে চিকিৎসার সেই সুযোগ দেওয়া হচ্ছে না।”

এর আগে কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন জমা দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, “আমরা জানি, ম্যাডাম খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত গৃহে অন্তরীণ করে রেখেছিল প্রায় আড়াই বছর। সেই সময়ে তার কোনো চিকিৎসা হয়নি।

“জনগণের চাপে পড়ে যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে আসল। এরপরে তাকে করোনা শুরু হওয়ার সময়ে কিছুটা ভীত হয়ে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হলো।”

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া ওঠেন গুলশানের বাসা ফিরোজায়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হলে এ বছরের মাঝামাঝিতে তিনি প্রায় দুই মাস হাসাপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এর চার মাসের মাথায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার পাঁচ দিন পর গত ১৩ নভেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির নয়া পল্টন কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। সেখানে দলীয় চেয়ারপার্সনের সুস্থতা কামনা করেন দলটির মহাসচিব।

তিনি বলেন, “আমরা পরম করুণাময় আল্লাহতালার কাছে এই দোয়া জানাব, তিনি যেন তাকে সুস্থ করেন শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন।”

দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, শাহিদা রফিক, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বেলাল আহমেদ, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেলিন, আমিরুল ইসলাম আলীম, আকরামুল হাসান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, রফিকুল ইসলাম মাহতাব, অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, আবুল কালাম আজাদ, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খালেদাকে বিদেশ নিতে আবার আবেদন  

খালেদা জিয়া সিসিইউতে  

খালেদা আবার হাসপাতালে