বিসিবির এত টাকা, কিন্তু খেলোয়াড় তো কেবল দুজন: হাফিজ
দেশে এখন ক্রীড়া ফেডারেশনগুলোর আয় বাড়লেও খেলোয়াড় তৈরি না হওয়ার জন্য সরকারকেই দুষছে বিএনপি।
সোমবার এক আলোচনা সভায় বিএনপির নেতারা বলেছেন, ক্রীড়াঙ্গনে ‘দলীয়করণ’ হয়েছে আওয়ামী লীগের আমলে, ফলে তহবিল ভারী হলেও ফল আসছে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি’র উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে এক সময়ের আলোচিত ফুটবলার, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ আগা খান গোল্ড কাপে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে এখনকার অবস্থার তুলনা করেন।
তিনি বলেন, “আগা খান ফুটবল গোল্ড কাপ চমৎকার টুর্নামেন্ট ছিল। বিভিন্ন দেশের জাতীয় দল এই কাপে খেলতে আসত। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের ৭ জন খেলোয়াড় নিয়ে একটি টিম এসেছিল, আগা খান গোল্ড কাপের ফাইনালে উঠেছিল। ঢাকার ভিক্টোরিয়া ক্লাব ৫ গোল দিয়েছিল তাদেরকে (দক্ষিণ কোরিয়া)।
“ওই সময়ে ক্লাব ফুটবল ‘সো অর্গানাইজড’ ছিল। কী চমৎকার ক্রীড়া সংগঠন ছিল! খেলোয়াড়রাও প্রাণপণ দিয়ে খেলত। ওই সময়ে টাকা-পয়সা তেমন ছিল না। আমরা তো প্রথমদিকে পয়সাই পাই নাই। টাকা-পয়সা ছাড়াই খেলেছি।”
এখনকার অবস্থা তুলে ধরে তিনি বলেন, “আজকে তো অর্থই অর্থ। ক্রিকেট বোর্ড, তাদের নাকি ৯০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট আছে। এটা তো গর্ব করার বিষয়। কিন্তু কতজন প্লেয়ার আছে দেখেন? প্লেয়ার তো দুইজন, সাকিব আর তামিম। ৯০০ কোটি টাকা রেখে লাভ হল কী? কয়জন আন্তর্জাতিক মানের প্লেয়ার আপনার তৈরি করেছেন?”
“এই অবস্থা হলো কেন? এর জন্য আওয়ামী লীগ দায়ী। ক্রীড়াঙ্গনে তারা রাজনীতিকরণ করেছে,” বলেন হাফিজ।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সর্বক্ষেত্রে অবক্ষয়, সর্বক্ষেত্রে দলীয়করণ চলছে। আজকে কোথায় সেই ফুটবল? আমাদের ক্রিকেট উন্নত করছি না কেন?
“গত ১২ বছরে দলীয়করণ করে প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সামাজিক সুবিচারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, আইনের শাসনকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ক্রীড়া অঙ্গনেও দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।”
মোশাররফ বলেন, “এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্র হত্যা করেছে, মানুষের অধিকার হত্যা করেছে, কথা বলার অধিকার হরণ করে নিয়ে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করেছে। সেই ১৯৭২-৭৫ পর্যন্ত যেভাবে বাকশালীয় কায়দায় দেশ পরিচালনা করতে চেয়েছিল, বর্তমানে তাই করছে।”
আলোচনা সভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনমালে ক্রীড়ার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
‘বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক এই আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন বিএনপির এই ক্রীড়া কমিটির সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
বক্তব্য রাখেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, শাহ নুরুল কবির শাহিন, তাবিথ আউয়াল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
