২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৪ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯৪ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 09:24 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

রোববার প্রথম দিনের পরীক্ষা শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলায় ১১২ জন। এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৭৫১ জন। অংশ নেয় ২০ হাজার ৬৩৯ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখতে গিয়েছিলাম। ভালো পরিবেশ ছিল। প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

“দুয়েকটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল বেশি। আগেও এ বিষয়ে নির্দেশনা দেয়া ছিল। তবুও হয়েছে। কেন্দ্রের বাইরে প্ল্যাকার্ড দিতে বলেছি জটলা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে।”

করোনাভাইরাস মহামারীর কারণে এবার শুধু নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম দিন রোববার শুধু বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচটি জেলায় ২০৪টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ৩৩৭ জন। এরমধ্যে উপস্থিত ছিল ২৮ হাজার ১৪৩ জন।

প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বা কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বোর্ডের অধীনে কক্সবাজার জেলায় চার হাজার ১০১ জন (অনুপস্থিত ২৭), রাঙামাটি জেলায় ১৩৮৪ জন (অনুপস্থিত ১০), খাগড়াছড়ি জেলায় ১৪৫৯ জন (অনুপস্থিত ২৮) এবং বান্দরবান জেলায় ৫৬০ জন (অনুপস্থিত ১৭) পরীক্ষায় অংশ নেয়।

সকাল থেকে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায়। পরীক্ষার্থীদের সবার মুখে মাস্ক ছিল। কেন্দ্রের প্রবেশমুখে ছিল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। এক আসনে মাত্র একজন করে বসার ব্যবস্থা করা হয়।

এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১২২। এরমধ্যে ছাত্র ৭৫ হাজার ২৫৩ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৮৬৯ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩১ হাজার ৭৩ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ২৪৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮০৩ জন।

পুরনো খবর:

এসএসসি: প্রথম দিনে অনুপস্থিত আগের চেয়ে বেশি