২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য মঙ্গলবার বিএনপির দোয়া মাহফিল

হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে তার দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 01:48 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামী মঙ্গলবার বিএনপির উদ্যোগে সারাদেশে এই দোয়া মাহফিল হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পরপরই কয়েকটি পরীক্ষা করা হয়েছে তার।

খালেদাকে হাসপাতালে ভর্তি, আরও পরীক্ষা নিরীক্ষা  

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখার পর তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন।

৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হল।

২০০৮ সালের ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মহামারীর শুধুতে গত বছর ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়। এর পর থেকে এ পর্যন্ত তিনবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজবন্দিদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই মানবব্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেস সেলিম, জাতীয়তাবাদী যুব দল সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিন বিএনপির হাবিবুর রশীদ হাবিব, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা মানবন্ধনে বক্তব্য দেন।