২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়টা ‘খুব দুঃসময়ের’: ফখরুল

দেশে ভয়াবহ ‘ফ্যাসিবাদী’ আগ্রাসনের শাসন চলছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এ দুঃসময়ে সমস্ত মুক্তচিন্তাকে ‘আবদ্ধ’ করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 11:46 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

বুধবার বিকালে কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্য গ্রন্থটির ইংরেজি  অনুবাদ ‘বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান, সাবেকমন্ত্রী ও সাংসদ আব্দুল মান্নান তার জীবনদশায় কাব্যগ্রন্থটি অনুবাদ করেন। এটি প্রকাশ করেছে অন্য প্রকাশ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল বলেন, “এখন সময়টা খুব দু:সময়। এ দুঃসময়ে যখন আমাদের সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্তচিন্তাকে আবদ্ধ করা হচ্ছে।

“যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না। এক কথায় কবিতা-কাব্য, সুকুমার বৃত্তি, শিল্প- এই সব কিছু নির্বাসিত হতে চলেছে।”

ভয়াবহ ‘ফ্যাসিবাদের’ আগ্রাসন জাতির ওপর মন্তব্য করে তিনি বলেন, “প্রায় মনে হয় একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি।“

ফখরুল বলেন, “আজকে ভিন্ন পরিবেশে সবাই মিলিত হয়েছি। আমরা এখানে যারা এই অনুষ্ঠানে এসেছি তার ৮০ ভাগই রাজনীতির সাথে জড়িত। রাজনীতি ...। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন সেই ক্ষমতার লড়াই, ক্ষমতার লড়াইয়ের জন্য যত খারাপ কাজ করা দরকার আমরা সবাই কম-বেশি করছি। এটা বাস্তবতা, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই।”

“এরকম অবস্থায় আমাদের মুখে খুব সুন্দর, ভালো কথা আসে না। কাজী নজরুল ইসলামের কথায় বলতে চাই, ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কৈ মুখে...বড় কথা, বড় ভাব আসে না ক’ মাথায় বন্ধু বড় দুখে! তোমার অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছো সুখে!”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা এখন প্রেসক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোর গলায় কথা বলছি। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আরও জোরে বলতে হবে, সোচ্চার হয়ে বলতে হবে এবং আমাদের আব্দুল মান্নান সাহেবের মতো সুস্পষ্টভাবে অত্যন্ত প্রাণঞ্জলভাষায় মানুষের কথা মানুষের সামনে বলতে হবে।”

প্রয়াত আব্দুল মান্নানকে একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল।

ঢাকায় সোনারগাঁও হোটেলের বলরুমে ‘মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনে’ এর উদ্যোগে আব্দুল মান্নানের ‘বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’(Bengal thy name is beauty) গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২০ সালের ৪ আগস্ট মান্নান মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ‍উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান ও প্রয়াত লেখক আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বক্তব্য রাখেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন মেহনাজ মান্নানের স্বামী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।