প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণে খোকাকে স্মরণ
‘গেরিলা থেকে জননেতা’ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য, ঢাকার সাবেক মেয়র, রাজনীতিবিদ সাদেক হোসেন খোকাকে স্মরণ করেছেন তার সহকর্মী-সমর্থকরা।
সোমবার সকালে এক স্মরণসভায় খোকার জীবনকর্মের ওপর তৈরি ‘গেরিলা থেকে জননেতা’ প্রামাণ্য তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এরপর তার জীবন কর্মের স্মৃতিচারণ করেন বক্তারা।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে পিনপতন নিরবতার মধ্যে একাত্তরের মুক্তিযুদ্ধে ঢাকায় ক্র্যাক প্ল্যাটুনের বিভিন্ন দুর্ধর্ষ গেরিলা অভিযানের আলোকচিত্র বড় পর্দায় দেখানোর সময়ে সবাই অতীতে ফিরে গিয়েছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা যোদ্ধা খোকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তার মতো একজন ব্যক্তি যিনি সারাটা জীবন জনগণের জন্য কাজ করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছেন। সাদেক হোসেন খোকাকে প্রথমে চিনতে পারা যায় মুক্তিযুদ্ধে তার অবদান দিয়ে। গেরিলা সাদেক হোসেন খোকা-এ নামে সবাই তাকে চিনে।”
খোকাকে বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তিনি বলেন, “তিনি যেখানেই কাজ করেছেন সেখানে তার চিহ্ন রেখেছেন, মানুষের সঙ্গে যে ভালোবাসা সেটার প্রমাণ দিয়েছেন তার রাজনৈতিক জীবনে বিভিন্ন নির্বাচনে তার জয়লাভের মধ্য দিয়ে এবং অত্যন্ত জনপ্রিয়তার মধ্য দিয়ে।”
দেশের বর্তমান প্রেক্ষাপটে তাকে সব সময় স্মরণ করার প্রয়োজনীয়তার কতা উল্লেখ করে ফখরুল বলেন, “তাকে অনুসরণ করা দরকার, তাকে অনুকরণ করা দরকার। তিনি কিন্তু কখনোই পিছপা হযনি, কখনো হাল ছাড়েননি।”
২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। পরে দেশে মরদেহ এনে জুরাইনে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।
খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এ স্মরণসভার আয়োজন করেন।
ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সাহিদা রফিক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ প্রয়াত নেতার জীবন কর্মের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
