২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর ‘কলঙ্কময়’ শোকের দিন: কাদের

পঁচাত্তরের ঘটনাবহুল ৭ নভেম্বরকে বাঙালি জাতির ইতিহাসে ‘কলঙ্কময় শোকের দিন’ আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 08:02 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

রোববার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ নভেম্বরকে ‘রাজনৈতিক রং’ দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ঘোষণা করেছিল।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঘটনাবহুল দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর। বিএনপি এদিন ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে, জাসদ পালন করে ‘সিপাহী জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে, আওয়ামী লীগ সমর্থকরা দিনটি পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে।      

পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতায় বসেন খন্দকার মোশতাক আহমেদ, তিনি সেনাপ্রধান করেন জিয়াউর রহমানকে। তখন সেনাবাহিনীতে অস্থিরতা চলছিল।

৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতাকে হত্যার পর এক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে সরিয়ে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন খালেদ মোশাররফ। এরপর ৭ নভেম্বর আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে জিয়া মুক্ত হন এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেদিন হত্যা করা হয় মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ, এ টি এম হায়দার, নাজমুল হুদাকে।

জিয়া পরে রাষ্ট্র ক্ষমতা দখল করেন, অন্যদিকে সামরিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান তাহেরকে, যা ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ ছিল বলে পরে আদালতের এক রায়ে বলা হয়।

ওবায়দুল কাদের বলেন, “জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন জিয়াউর রহমান। একই সঙ্গে এই রাতের দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের পদায়ন করেন বিভিন্ন স্থানে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মুক্তিযুদ্ধের বীর সেনানিদের নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে, তাদের বিচার প্রক্রিয়াও রুদ্ধ করে দেয় জিয়া। এই জন্যই ৭ নভেম্বর রাজনৈতিক রং দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করা হয় জিয়াউর রহমানের নির্দেশ।

“পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট নিয়মিত এই দিনটিকে উদযাপন করে আসছে, অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন।”