ডিজেলের দাম বাড়ানো ‘অমানবিক’: ফখরুল
ডিজেল ও কেরোসিনের দাম বাড়াতে সরকারের যুক্তি প্রত্যাখান করে এ সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘এই সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে তারা এই রকম অমানবিক একটা (ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধি) সিদ্ধান্ত নিতে পারেন। একদিকে বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো। আর পাশ্ববর্তী দেশ ভারতে পাঁচ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
“যুক্তিটা কী দিয়েছে? আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আর আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে গিয়েছিল তখন তুমি তেলের দাম বেশি নিয়েছ কেন? তখন তো কম নাও নাই। তখন ওই টাকা চুরি করেছ তোমরা। এখন আবার যেটা করছ তাতে আমাদের (জনগণ) পকেট কেটে তোমাদের পকেট ভরাচ্ছ।”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘‘ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে কী করলো…। আজ থেকে স্ট্রাইক হচ্ছে। ট্রাক ও বাস বন্ধ। কাল থেকে দেখবেন ওই বাস মালিকরা বলবে যে, ভাড়া বাড়াও। ভাড়া না বাড়ালে আমরা গাড়ি চালাতে পারব না। ট্রাকওয়ালা বলবে আরও বেশি করে ভাড়া দিতে হবে, না হলে ট্রাক চালাতে পারব না।
“অর্থাৎ আপনার যে কাঁচাবাজার, আপনার যে চাল-ডাল-চিনি-তেল-লবণ আছে সমস্ত কিছুর দাম বাড়তে থাকবে। এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধবংস করছে, রাজনীতিকে ধ্বংস করেছে। এখন তারা মানুষের ভবিষ্যতকে ধবংস করছে।”
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সেখানে তো বিরোধী দল মাঠে কেউ নাই। তারা তারাই। যেখানে নিজেরাই মারামারিতে ৮৭ জন মৃত্যুবরণ করেছে। নির্বাচন ব্যবস্থাকে তারা ধবংস করেছে।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।
খোকাকে ‘আপাদমস্তক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ’ অভিহিত করে তার জীবন-দর্শন অনুসরণ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। ৭ নভেম্বর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা খোকা ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা ছিলেন। তিনি চার দলীয় জোট সরকারের মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুতফুর রহমান, যুবদলের সাইফুল আলম নিবর, মুক্তিযোদ্ধা দলের শহিদুল ইসলাম চৌধুরী মিলন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মৎস্যজীবী দলের আবদুর রহিম ও প্রয়াত খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বক্তব্য রাখেন।
