২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুটপাটকারীদের লাভের জন্য’ তেলের দাম বৃদ্ধি: বিএনপি

সরকার ‘লুটপাটকারীদের লাভবান করতেই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 06:20 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

শুক্রবার সকালে ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আজকে দ্রব্যমূল্য বলেন, ডিজেলের দাম বৃদ্ধি বলেন, বিদ্যুতের দাম বার বার বৃদ্ধি বলেন- সব কিছু তারা (ক্ষমতাসীন) লুটপাট করছে, তারাই সরাসরি এই লুটপাটের সাথে জড়িত, এই লুটপাটকারীরাই লাভবান হবে।”

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে, যা বুধবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

বিএনপি নেতা আমীর খসরু বলেন, “এই ডিজেলের কারণে সাধারণ মানুষের বাসভাড়া-টাস ভাড়া, দ্রব্যমূল্যসহ সব কিছুর দাম বাড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের কৃষকরা। যারা ডিজেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ দিয়ে থাকেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বাড়বে।”

ডিজেলের দাম এক ধ্ক্কায় ১৫ টাকা বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “আপনি চিন্তা করতে পারেন! এই টাকা তো সাধারণ মানুষের পকেট থেকে  যাবে।

“এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে একমাত্র পথ ওদের হাত থেকে দেশকে মুক্ত করা। সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এখন আন্দোলন করতে হবে, শুধু বিএনপির দায়িত্ব নয়, সকলকেই এগিয়ে আসতে হবে, টোটাল মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে মুক্ত করার জন্য।”

খসরু বলেন, “আজকে ‍যাদের দায়িত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, তারাই লুটপাট করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির একটি চিত্র যদি বিএনপির সময়ের সাথে তুলনা করি, একটা অবিশ্বাস্য চিত্র ফুটে উঠবে। কত গুণ চালের দাম বেড়েছে, কত গুণ ডালের দাম বেড়েছে, কত গুণ তেলের দাম বেড়েছে…।”

বিদ্যুতে দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিদ্যুতের দাম যতবার বেড়েছে, এই টাকাগুলো যারা বিদ্যুত কেন্দ্র চালাচ্ছে- কুইক রেন্টাল, রেন্টাল খাতের মাধ্যমে সরকারের লোকজনের পকেটে যাচ্ছে।”

“সরকার তাদের সাথে এমন একটা চুক্তি করেছে যে, বিদ্যুত উৎপাদন না করলেও পয়সা পাবে। শুধু তাই না, সরকার এমন আইন করেছে, কোনো মামলাও করা যাবে না।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রিয়াজুল ইসলাম রিজু, শামীমুর রহমান শামীম, কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল বক্তব্য দেন।