২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এত ভয় পান কেন’, প্রশ্ন ফখরুলের

সরকার ভিন্নমত ও সমালোচনা ‘সহ্য’ করতে পারে না অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, ‘এত ভয় পান কেন?’

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 06:22 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

শুক্রবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব এমন প্রশ্ন রাখেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি গতকাল (বৃহস্পতিবার) একটা কথা বলেছেন যে, আমাদের প্রধানমন্ত্রী চান যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে-এটা দেখতে চান, অবাধ নির্বাচন হবে সেটা দেখতে চান, সবাই ভোট দিতে পারবে সেটা দেখতে চান।

“ভূতের মুখে রাম নাম। তিন তিনটা ইলেকশন তারা ধবংস করলো। গোটা নির্বাচন ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে, শরীয়তপুরের এমপি তিনি বলছেন, ‘আমি ঠিক করে দিব কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, অন্য কেউ দাঁড়াতে পারবে না।’ আমরা চিন্তাই করতে পারি না আমাদের দেশে এমন…৭১ সালে এরকম গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম। সেই গণতন্ত্রকে একেবারে ‘বঙ্গোপসাগরে ফেলে’ দিয়ে তারা এখন একটা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।”

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “এরা ভিন্নমত সহ্য করতে পারে না, তাদের সমালোচনা সহ্য করতে পারে না। সহনশীলতা বলতে তাদের কিচ্ছু নাই। আমাদের সম্প্রদায়িক সম্প্রীতি- আওয়ামী লীগ যে পরিকল্পিতভাবে ধবংস করছে, এটার প্রতিবাদে কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে সভা করেছিলাম। সভা শেষে ছেলেরা যখন ফিরে যাচ্ছিল তখন পেছনে থেকে তাদেরকে আক্রমণ করে, লাঠিচার্জ করে, গুলিবর্ষণ করে। শুধু তাই নয়, আহত করা হয়েছে অনেককে। উল্টো তারা আবার মামলা দিয়েছে শত শত মানুষের বিরুদ্ধে।

“এত ভয় পান কেন? ভয় পান এজন্য যে, আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে সেদিন আপনারা পালাবার পথও খুঁজে পাবেন না।”

দেশে এখন ‘ষোল আনা স্বৈরতন্ত্র’: কামাল হোসেন  

সাম্প্রদায়িক সহিংসতা পরিকল্পিত, হোতা বিএনপি নেতারা: জয়  

সরকার ভোটের মাঠ ‘খালি’ করতে চাইছে: ফখরুল  

প্রশাসনকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “আজকে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের পকেট কেটে আওয়ামী লীগ নিজেদের পকেট ভারি করছে।

“হাজার হাজার কোটিপতি তৈরি হচ্ছে। আর মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে।”

‘রেমিট্যান্স বৃদ্ধি নিয়ে সরকারের প্রতারণা’

মির্জা ফখরুল বলেন, “ওরা প্রচারণা করছে, কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে- এই যে বলে রিজার্ভের পরিমাণ বেড়ে যাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার বেড়ে গেছে।

 “আইএমএফ বলেছে, গতবছর সরকার যে হিসাব দিয়েছে রেমিট্যান্স বাড়ার সেটা ৭ বিলিয়ন ডলার বাড়িয়ে বলেছে, বেশি বলেছে। অর্থাৎ মানুষকে, বিশ্বকে প্রতারণা করছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল চরিত্র।”

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে এ মানববন্ধন হয়।

বাজারে দ্রব্যমূল্যের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, চিনি, কেরোসিন তেল, ভোজ্যতেল একটা জিনিসও আমাদের নিয়ন্ত্রণে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না। খায় কারা? আওয়ামী লীগের লোকেরা।”

এ অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকারকে হটাতে একটি ‘দুর্বার আন্দোলন’ গড়ে তুলতে সকলকে সংগঠিত হওয়ার আহবান জানান তিনি।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা উত্তর মহানগরের সদস্য সচিব আমিনুল হক, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, রফিক হাওলাদার, সাহাবুদ্দিন মুন্না, আবুল কালাম আজাদ, ইয়াসীন আলী, সাদরেজ জামান, ফখরুল ইসলাম রবিন, এস এম জিলানী, গাজী রেজওয়ানুল হক রিয়াজ, নজরুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।