২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হাঁকডাক ‘আন্দোলন-বিলাস’: ওবায়দুল কাদের

জনগণের আস্থার জায়গা থেকে বিএনপি ‘ছিটকে পড়ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলনের কথা কেবলই ‘ভাবনা-বিলাস’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2021, 06:46 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র। বিএনপির এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়।

“বিএনপি নেতারা সারাদেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়?”

বিএনপি নেতারা খণ্ডিত দৃষ্টিতে সবকিছু দেখছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতিই এখন বিএনপির রাজনীতি। তারা সাদাকে সাদা যেমন বলতে পারে না, তেমনি পারে না কালোকে কালো বলতে।”

বিএনপি নেতারা ‘মুখরোচক’ ও ‘অন্তঃসারশূন্য’ বক্তব্য দেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “দেশের উন্নয়ন ও সমৃদ্ধির চলমান ধারায় সঙ্কটের কোনো ছায়া পড়েনি, বরং উন্নয়নে যাদের গাত্রদাহ তারাই ঈর্ষার আগুনে জ্বলছে।

“জনগণের মনের ভাষা, চোখের ভাষা যারা বুঝতে পারে না তারাই ক্রমশ জনগণের আস্থার কেন্দ্র থেকে ছিটকে পড়ছে।”

‘অপরাজনীতি’ বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে এবং তারা এ বাস্তবতা এখনও ‘উপলব্ধি করতে পারছে না’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি নেতারা সরকারকে ‘তাবেদার’ বলায় তার জবাবে ওবায়দুল কাদের বলেন, “প্রকৃতপক্ষে তাবেদারি তাদেরই হাতিয়ার, যারা জনগণের সমর্থনের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার অলি-গলি খোঁজে।

“বিএনপিই তাবেদারি-বান্ধব দল, যারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র মানে না। যারা কথায় কথায় বিদেশিদের কাছে ধর্না দেয়, জনগণের কাছে যেতে সাহস পায় না তারাই হচ্ছে তাবেদার।” 

দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনও তারা বেরিয়ে আসতে পারেনি।

“দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট আর অনিয়মের কন্ট্রোল রুম হিসেবে যারা হাওয়া ভবন তৈরি করেছিল, পর পর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের কলঙ্ক তিলক পরিয়েছিল, তারাই এখন দুর্নীতির কথা বলেন।”

দুর্নীতিবাজ নেতৃত্ব তোষণকে বিএনপি রীতিমত শিল্পে পরিণত করেছে মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, “বিএনপি কী একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?”