২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকার সমস্যা সমাধানে চাকরিজীবীদের বিয়ে আটকানোর প্রস্তাব এমপি বাবলুর

গত বছর সংসদে দাঁড়িয়ে ধর্ষণের জন্য নারীবাদীদের দোষ দিয়েছিলেন যেই আইনপ্রণেতা, তিনি এবার চাকরিরজীবীদের মধ্যে বিয়ে বন্ধে আইন চাইলেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 01:45 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

Image
রেজাউল করিম বাবলু।

রেজাউল করিম বাবলু।

শনিবার সংসদে বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু আইনমন্ত্রীর কাছে দাবি করেন এমন আইনের, যাতে দুজন সরকারি চাকরিজীবী বিয়ে করতে না পারে।

তার মতে, এতে বেকার্ সমস্যার সমাধান হবে।

সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে বাবলু বলেন, “চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।”

“চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে,” বলেন তিনি।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।”

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু।

গত ১৭ নভেম্বর সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০‘ সংসদে পাস হওয়ার সময় বাবলু বলেন, “নারীবাদীরা নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে উন্মুক্ত করে চলছে। যার কারণেই ধর্ষকেরা ধর্ষণের অনুভূতিকে এতটা একসেপ্ট করেছে যে ধর্ষণে উৎসাহিত হচ্ছে।”

এর আগে আগ্নেয়াস্ত্র হাতে বাবলুর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল।

ধর্ষণের জন্য ‘নারীবাদীদের’ দুষলেন এমপি বাবলু