২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আপত্তি জাফরুল্লাহর

চন্দ্রিমা উদ্যানের সমাধিতে জিয়াউর রহমানের লাশ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা মানতে নারাজ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 01:03 AM

Updated : 02 Aug 2022, 06:16 PM

শুক্রবার ঢাকার শাহবাগে এক অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমানের শবদেহ যখন মানিক মিয়া এভিনিউতে আনা হয়েছিল জানাজার জন্য, তখন ব্যাপক জনসমাগম হয়েছিল।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে শুরু করেছেন যে, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের শবদেহ নেই। উনি কী করে জানলেন? উনি ইতিহাস ভুলে গেছেন। তার বডি (জিয়াউর রহমান) যারা রিসিভ করেছিল, সেই তাদের অনেকে এখনও বেঁচে আছেন।…

“বডি যখন আনা হয়, তখন এত লোকে লোকারণ্য হয়েছিল তা সর্বকালে বৃহত্তর জনসমাগম হয়েছিল, জিয়াউর রহমানের শবদেহ যখন মানিক মিয়া এভিনিউতে আনা হয়েছিল।”

জিয়ার শবদেহ নিয়ে এখন কেন কথা হচ্ছে, সেই প্রশ্ন রেখে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “অনুগ্রহ করে এই জাতীয়… জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি করবেন না। তাদেরকে শান্তিতে ঘুমাতে দেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।”

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন সেসময় রাষ্ট্রপতি পদে থাকা জিয়াউর রহমান। ঘটনার আগের দিন স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষে জড়ানোর প্রসঙ্গে  বৃহস্পতিবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে গিয়েও ওই যে মারামারি করল বিএনপি…বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই? জিয়া নাই ওখানে? জিয়ার লাশ নাই? তারা তো ভালোই জানে। তাহলে এত নাটক করে কেন?”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য ‘পাকিস্তান নয়, ভারত দায়ী’ বলে মন্তব্য করেন বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “বর্তমানে যারা ক্ষমতায়, যে শাসন চলছে… এরা একেবারে নির্লজ্জ। আমরা যা বক্তৃতায় বলি, এর চেয়ে এখন বেশি বিষয় পত্রিকায় ছাপা হয়, নিয়ন্ত্রিত টেলিভিশন পর্যন্ত দেখায় যে, এরা টিকা দিতে পারছে না। টিকাগুলো ব্যক্তিগত প্রতিষ্ঠানে ডিসপেন্সারিতে বিক্রি হচ্ছে, এর চাইতে লজ্জার কোনো ব্যাপার নেই।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “এই যে সরকার, যারা নানা বাহানায় আমাদের মর্যাদা ও ইজ্জত কেড়ে নিয়েছে। যে দেশের নাগরিকদের ভোটের অধিকার নেই, সেই দেশে মানুষের কোনো মর্যাদা থাকতে পারে না।”

তিনি বলেন, “এই সরকারকে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গদি থেকে নামিয়ে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঘটানো হবে। সেই লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত হেন, ভোটাধিকার এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বন্ধন, আজকের দিনে গণমানুষের এটাই স্লোগান। সেই স্লোগান ধরে গণসংহতি আন্দোলন এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক দলের নেতা বজলুর রশিদ ফিরোজসহ অনেকে বক্তব্য দেন।