২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. আখলাকুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা শনিবার

আওয়ামী লীগ নেতা সাবেক গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 07:12 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

আগামী ২৮ অগাস্ট বীর মুক্তিযোদ্ধা আখলাকুলের নবম মৃত্যুবার্ষিকী।

ওইদিন আলোচনা সভার আগে ও পরে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজনও রাখা হয়েছে।

বুধবার ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক আকিকুন্নেছা চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ডা. আখলাকুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের বাবা।

তার আরও দুই ছেলের মধ্যে সাবেক সচিব সাজ্জাদুল হাসান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এবং সাইফুল হাসান গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বার্ধক্যজনিত কারণে রাজধানীর হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ২৮ আগস্ট মারা যান ডা. আখলাকুল।

১৯২৬ সালের ১৫ অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জের ছয়াশী গ্রামে জন্মগ্রহণকারী এই রাজনীতিবিদ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।

তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আখলাকুল হোসাইন ভারতের মেঘালয়ে তুরা জেলার মহেষখলা ইয়থ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পাশাপাশি ময়মনসিংহ নর্থ ইস্ট জোন-২ এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালে দেশের সংবিধান প্রণয়নেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৃষ্ঠপোষক ছিলেন।