১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জেএমবির বোমা হামলার প্রশ্রয়দাতা বিএনপি: কাদের

সারা দেশে জেএমবির বোমা হামলার ঘটনায় সে সময় ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 07:09 PM

Updated : 07 Apr 2022, 11:30 PM

১৬ বছর আগের ওই হামলার বার্ষিকীতে মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভায় তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়।”

২০০৫ সালের ১৭ অগাস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩টি জেলায় এক যোগে বোমা হামলা চালায়। ওই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

ওবায়দুল কাদের বলেন, “৬৩টি জেলায় পাঁচশ স্পটে একযোগে বোমা হামলা চালানো হয়। তখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। একযোগে বোমা হামলার জন‌্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক, জনবল, বোমা সরবরাহ এত সহজ নয়।

“এগুলো এক দিনে হয়নি। রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সে সরকার ঘটনার প্রশ্রয়দাতা। তা না হলে কীভাবে এই দীর্ঘ প্রস্তুতি জঙ্গিরা বাস্তবায়ন করেছে?”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুক সপরিবারে হত্যার মাধ্যমে দেশে ‘রাজনৈতিক হত‌্যাকাণ্ডের সূচনা’ হয়েছিল।

“তার ধারাবাহিকতায় ২০০৪ সালে ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলা সংগঠিত হয়। এ সকল হত‌্যা, সন্ত্রাসের মাস্টারমাইন্ড বিএনপি।”

বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “১৭ অগাস্টের বোমা হামলা ছিল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর শক্তি পরীক্ষা। সিরিজ বোমা হামলার মধ‌্যে এদেশে প্রকাশ‌্যে আসে জঙ্গি কর্মকাণ্ড।”

সেদিন দেশের বিভিন্ন স্থানে, এমনকি আদালতেও বোমা হামলার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “সাম্প্রদায়িক গোষ্ঠী সারাদেশ প্রকম্পিত করেছিল বোমা হামলায়। ক্ষমতায় টিকে থাকার জন‌্য মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করার জন‌্য বিএনপি জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে।”   

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের খবর প্রচারের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “সেসবে কর্ণপাত না করে বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা অব‌্যাহত রেখেছে। বিএনপির কাছে স্বাধীনতা কখনো নিরাপদ ছিল না, এখনও নাই। 

“সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ‌্য ঠিকানা হচ্ছে বিএনপি… হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। সত‌্য বিকশিত হবেই। অগাস্ট ট্র্যাজেডির নেপথ‌্য কুশীলব জিয়াউর রহমান, আর বেগম জিয়া গ্রেনেড হামলার।”

সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘অরাজনৈতিক ও শিষ্টাচারবিবর্জিত’ আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খালেদা জিয়ার একাধিক জন্মতারিখের তথ‌্য তুলে ধরে বলেন, “এখানে শিষ্ঠাচার কীভাবে ভঙ্গ হলো। অসত‌্য কি বললাম?

“আপনারা খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির সাথে তামাশা করেছেন। সেটা বললে কি অন‌্যায়? তাহলে এতগুলো জন্মদিবস কেন? এগুলো তো আওয়ামী লীগের বানানো হয়। আপনাদের দেওয়া তথ‌্যই।”

জাতীয় শোকের দিন ১৫ অগাস্ট জন্মদিন পালনকে ‘প্রতিহিংসার মানসিকতা’ হিসেবে বর্ণনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আপনারা এখনও জন্মদিন পালন থেকে সরে দাঁড়াননি। কেক কাটেননি, কিন্তু ফুল দিয়েছেন, মিলাদ মাহফিল করেছেন। আপনারা এটাই করবেন।” 

ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লীগের সধারণ সম্পাদক মো. হুমায়ন কবির অনুষ্ঠানে বক্তব‌্য দেন।