শোক দিবসে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছয় হাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
রোববার দুপুরে খাবার বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন পালন করতে তাদের প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করছি।"
আফজালুর রহমান বাবু বলেন, "ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনও অনেক খুনি বিদেশে পালিয়ে আছে। তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।
“একই সঙ্গে হত্যাকান্ডের বেনিফিসিয়ারি এবং এই খুনের সঙ্গে জড়িত জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করতে হবে। কারণ তখন তিনি সামরিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড থাকার পরও কোনো উদ্যোগ নেননি। বরং যোগ্যাতা না থাকার পরও পঁচাত্তর পরবর্তী সময়ে খুনিদের বিভিন্ন বিদেশি দূতাবাসে পুনর্বাসন করেছেন।“
ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, "বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি বেনিফিসিয়ারি হয়েছে জিয়াউর রহমান। খুনিদের পুনর্বাসন করে তিনি প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সঙ্গে জড়িত। ৭৫ এর খুনিদের দেশে-বিদেশে চাকরি দিয়ে, ব্যবসা-বাণিজ্য দিয়ে পুরস্কৃত করেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন জিয়া।
“এখন সময় এসেছে ওই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বের করার। জাতি এখন জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দেখতে চায়। তদন্ত কমিশন গঠন করে ১৫ই আগস্টের মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে।"
খাবার বিতরণ অনুষ্ঠানের আগে ১৫ আগস্টে নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়।
