ফেনীর আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রহমান শুক্রবার দুপুরে নিজের বাড়িতে মারা যান বলে দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান।
আবদুর রহমানের বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান এক সময় ফেনী প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
শনিবার সকালে ফেনী আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।
