সাংবাদিক রোজিনার ‘হেনস্তায়’ বিচার বিভাগীয় তদন্ত চায় জাপা
সাংবাদিক রোজিনা ইসলামকে ‘হেনস্তা’ এবং তার বিরুদ্ধে মামলার ‘প্রকৃত ঘটনা উন্মোচনে’ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে করা মানববন্ধনে এ দাবি করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, “সাংবাদিক রোজিনা হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আমরা রোজিনা ইসলামের জামিন দেয়ার দাবি জানাচ্ছি।”
অবাধ তথ্য প্রবাহের জন্য গণমাধ্যম কর্মীদের কাজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে জিএম কাদের বলেন, “যারা সাংবাদিক রোজিনাকে হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।
পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর ভার্চুয়াল শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার পুলিশ তার রিমান্ড চাইলে তা নাকচ করে দিয়ে রোজিনাকে কাশিপুর কারাগারে পাঠানো হয়।
জাপা চেয়ারম্যান বলেন, “রোজিনা ইসলাম তার পেশার স্বার্থেই তথ্য সংগ্রহ করেছে। জাতিকে জানাতে এবং দেশের স্বার্থেই সে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না।”
রোজিনা ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে প্রতিবেদন করায় তাকে ‘হয়রানি’ করা হচ্ছে ব্রিটিশ আমলের এক আইন ব্যবহার করে।
অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে জি এম কাদের বলেন, “১৯২৩ সালে ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই আইনটি পাশ করে। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন কালো আইন জনস্বার্থ বিরোধী।”
সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “গণমাধ্যমের যে সকল কর্মী সত্য প্রকাশে এগিয়ে আসছে তাদের বিরুদ্ধে অবর্ণনীয় নির্যাতন নেমে আসছে। রোজিনা ইসলামের উপর যে হামলা হয়েছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায় না।”
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এই মানববন্ধনে ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়। স্থায়ী শান্তি নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগ এবং ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের দাবি করা হয়।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
