চিনিকল খুলে দেওয়ার দাবি শ্রমিক দলের
লোকসান কমাতে বন্ধ ঘোষিত ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার বিজয় নগরে শ্রম ভবনের সামনে এক সমাবেশ এই দাবি তোলা হয়।
চিনিকল বন্ধের প্রতিবাদে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিক দলের নেতারকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে গেলেও অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়।
পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া কোনো মানববন্ধন কিংবা সমাবেশ করার সুযোগ নেই। শ্রমিক দল মানববন্ধন করার কোনো অনুমতি তাদেরকে দেখাতে পারেনি।
পরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে বিজয় নগরে শ্রম ভবনের কাছে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে প্রিন্স বলেন, “আমরা দেশের অসহায় চিনিকল শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানাতে মানববন্ধন করতে চেয়েছি। পুলিশ আমাদের সেটা করতে দেয়নি। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই।
“আমি সদ্য বন্ধ হওয়া চিনিকলগুলো অবিলম্বে খুলে দিয়ে আখ মাড়াই শুরু করার দাবি জানাচ্ছি। এভাবে চিনিকল বন্ধ করে সরকার শ্রমজীবী মানুষের পেটে লাথি মেরেছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করার নীল নকশার অংশ বলে আমরা মনে করি।”
“আমরা অবিলম্বে বন্ধ চিনিকল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
এ সময়ে চিনিকল শ্রমিক নেতা বাবুল করীম ও খলিলুর রহমানসহ শ্রমিক দলের আবদুল কালাম আজাদ, মোস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জুলফিকার মতিন, কাজী শাহ আলম রাজা, মাহবুবুর রহমান বাদল, আবুল খায়ের খাজা, সুমন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলে।
লোকসান কমাতে চলতি মাড়াই মওসুমে রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা সুগার মিল, শ্যামপুর সুগারমিল, পঞ্চগড় সুগার মিল, সেতাবগঞ্জ সুগারমিল, রংপুর সুগার মিল ও কুষ্টিয়া সুগার মিলে উৎপাদন কাজ বন্ধ থাকবে বলে গত শনিবার জানিয়েছেন বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-বিএসএফআইসির চেয়ারম্যান সনৎ কুমার সাহা।
তবে আপাতত এসব চিনিকলের শ্রমিক-কর্মকর্তাদের বেতন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএসএফআইসি। তাছাড়া এসব কারখানার কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
