ফখরুলের বাসায় ঢিল-ডিম: বিএনপি থেকে ১২ জনকে বহিষ্কার
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরায় বাসায় ঢিল ও ডিম নিক্ষেপের ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে দাবি করার এক দিনের মধ্যে ওই ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করে দল থেকে ১২ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ আব্দুর রাজ্জাক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ১২ জনকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন।
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে কফিল উদ্দিন আহমেদকে ধানের শীষের মনোনয়ন না দেওয়ায় একদল বিক্ষোভকারী গত শনিবার ফখরুলের উত্তরার বাড়িতে ঢিল ও ডিম ছোড়ে।
পরদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, ওই হামলাকারীরা বিএনপির কেউ নয়।
তবে রাজ্জাক বলেন, “সেই দিনের ন্যক্কারজনক ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“ওরা আওয়ামী লীগের লোকজনের সাথে সম্পৃক্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে, যা ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে ধরা পড়েছে।”
বহিস্কৃতরা হলেন, দক্ষিণখান থানা বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তর পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ এবং উত্তরখান থানার সদস্য নূর মোহাম্মদ।
মহানগর উত্তর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাদেরকে উত্তর বিএনপির প্র্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
ঢাকা মহানগর উত্তরের সভাপতি এমএ কাইয়ুম, জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু ও সাধারণ সম্পাদক আবদুল হালিম নকি এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
