ধর্ষকের শাস্তি দাবিতে রাস্তায় ছাত্রলীগও
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশের সব ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী সমাধানের দাবিতে ‘আলোক-প্রজ্জ্বালন’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদ দেশে মোমবাতি জালিয়ে এই কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি। ‘আলোক-প্রজ্জ্বালন’ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি ধর্ষণবিরোধী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আল নাহিয়ান খান জয় বলেন, “আমরা চাই, ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা জানি, ধর্ষণের বিচারের ক্ষেত্রে কিছুটা আইনি জটিলতা আছে, আইনি দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। কিন্তু আমরা বার বারই ছাত্রলীগ দাবি জানিয়েছি, যারা ধর্ষক বা ধর্ষণের সাথে সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।এর ফলে যারা এই ধরনের মন-মানসিকতা লালন করে, তারা ভয় পাবে। একইসাথে ধর্ষককে যাতে সমাজের নিকৃষ্ট প্রাণি হিসেবে চিহ্নিত করা হয়। পারিবারিকভাবে হোক বা সামাজিকভাবে হোক আমরা যদি তাদের বয়কট করতে পারি, তাহলে সমাজে ধর্ষণের ঘটনা কমে আসবে।”
প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষকের দ্রুত শাস্তির দাবি জানিয়ে জয় বলেন, “বর্তমান যে আইন আছে, তা যদি সংশোধনের দরকার হয় বা শাস্তি বাড়ানোর দরকার হয়, তাহলে তা করেই অপরাধীকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, আমাদের শিক্ষার্থী বোনরা বা মা-বোনেরা যদি কোনোভাবে রাস্তায় নিপীড়ন বা ইভটিজিংয়ের শিকার হয় তাহলে তারা যেন আমাদের জানায়। আমরা সেই ধর্ষক রা ইভটিজারদের ধরে আমারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব।”
“সংগঠনের বাইরে গিয়ে যারা ব্যক্তিগতভাবে সংগঠনবিরোধী কাজ করে, তাদেরকে আমাদের সংগঠনের হিসেবে প্রচার করা, এটা সংগঠনের উপরে একটা দায় বর্তানোর মনোভাব বলে আমি মনে করি। এই ব্যাপারটাকে কেন্দ্র করে কেউ কেউ রাজনীতিকে ঘোলা করার পাঁয়তারা করে থাকে। আমরা ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি, বাংলাদেশের সব জায়গায় সোচ্চার থাকতে যাতে তাদের উপস্থিতিতে কোথাও ধর্ষণের ঘটনা না ঘটতে পারে।”
তিনি বলেন, “কারও উপর দায় বা ধর্ষণে যখন রাজনৈতিক প্রলেপ দেওয়া হয় তখন কিন্তু ধর্ষকের কাছ থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে যায়। সেজন্য সেই ধর্ষকের বিচার হয় না। কিছু দিন পর মানুষ তা ভুলে যায়। সুতরাং ধর্ষণকে প্রতিরোধ করতে হলে আমাদের নৈতিক পরিবর্তন আনতে হবে। মানুষকে সামাজিকভাবে সচেতন করতে হবে। যারা লাঞ্ছিত হচ্ছেন তাদের পক্ষে দাঁড়াতে হবে এবং খুবই দ্রুত সময়ে অপরাধীদের ধরার ব্যবস্থা করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রসঙ্গ উল্লেখ করে লেখক বলেন, “আপনারা জানেন- ছাত্র অধিকার পরিষদের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের মামলা হয়েছে। কিন্তু সেই সংগঠন ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছে। আমরা কিন্তু কোনো ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছি না। যেই ধর্ষণ করুক, যেই অপরাধ করুক আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিচ্ছেন।”
আগামীকাল সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকে আমরা কেন্দ্রীয়ভাবে প্রোগ্রামটি পালন করছি। আগামীকাল সারা দেশে ছাত্রলীগের সকল ইউনিটে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।”
