২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ-দশকে জানেন বলেই শেখ হাসিনা এত জনপ্রিয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সরকারের করণীয় নির্ধারণ করেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 12:38 AM

Updated : 10 Oct 2022, 07:27 PM

আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, উন্নয়নের নানা সূচকে দেশকে তিনি যেভাবে তুলে ধরেছেন সেই বিবেচনায় শেখ হাসিনার মতো নেতা ‘খুঁজে পাওয়াই দুস্কর’।

শনিবার রাতে আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে এক ওয়েবিনারে যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “শেখ হাসিনা কেন এত জনপ্রিয় জানেন? কারণ তিনি তার দেশ ও দেশের মানুষকে খুব ভালোমতো জানেন। ভীষণ বাস্তববাদী এই মানুষটি দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই তারপর তার সিদ্ধান্ত নেন।

“তার একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য- তার পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ যেন তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ওয়েবিনারে যুক্ত হয়ে মোমেন শুরুতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করেন।

পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া আওয়ামী লীগের যখন ভীষণ দুর্দশা, সেই সময় ১৯৮১ সালে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। নিজের ছোট বোন ছাড়া পরিবারের সবাইকে হারানোর শোক বুকে নিয়েই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন তিনি।

এরপর শেখ হাসিনা গণতান্ত্রিক নানা আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগকে এখন এক ‘সুসংগঠিত’ রূপ দিয়েছেন বলে মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আওয়ামী লীগকে পুনর্গঠন করলেন। আজকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সুসংগঠিত। শুধু নিজের দলে যে স্থিতিশীলতা এনেছেন তা নয়, একইসঙ্গে তিনি দেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চার যাত্রাটাও শুরু করলেন।

“তিনি আইনের শাসন তথা সুশাসন নিশ্চিৎ করেছেন। তিনি বার বার বলেছেন, ‘অপরাধী যেই হোক না, যে দলেরই হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে’। দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ তিনি নির্মূল করেছেন।”

কূটনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনার দূরদর্শিতার উদাহরণ দিতে গিয়ে আব্দুল মোমেন ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির কথা বলেন।

“৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন। অথচ ’৭৭ সালে তৎকালীন সরকার বিষয়টি নিয়ে জাতিসংঘে গিয়েছিল। কিন্তু ভারত তখন এ বিষয়ে কোনো কথাই বলেনি। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই চুক্তি স্বাক্ষর করেন। ভারত জানত, শেখ হাসিনার সঙ্গে জনগণের সম্পর্ক কেমন। শেখ হাসিনা দেখালেন, কেবল দ্বিপাক্ষিক এক বৈঠকের মাধ্যমেই এ ইস্যুটির সমাধান করা যায়।”

ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন এবং এসডিজি বাস্তবায়নে শিক্ষা, নারী অধিকার, বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “আওয়ামী লীগের সব নেতাদের চেয়ে শেখ হাসিনাই দেশকে সবচেয়ে বেশি ভালো চেনেন।

“স্বাধীনতার ৫০ বছরে পদার্পন করতে যাচ্ছে বাংলাদেশ। এ দীর্ঘ যাত্রায় আমরা তো নানা সরকার দেখলাম, জিয়া-এরশাদের সামরিক শাসনও দেখলাম। এত কিছুর পরেও বাংলাদেশ যে আজকে গণতন্ত্রের এ অবস্থানে এসে পৌঁছেছে, তার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীর।

“আজকে খোদ আওয়ামী লীগেই আছেন এমন একজন নেতা যিনি শেখ হাসিনার চেয়েও ভালো করতে পারবেন? তার মতো করে দেশকে ভালোবাসতে পারবেন? আমরা শুধু দেশের কথা বলছি না, আমাদের মতো দেশ যেগুলো আছে সে দেশগুলোতে শেখ হাসিনার মতো নেতা খুঁজে পাওয়াই দুস্কর। উন্নয়নের নানা সূচকে বাংলাদেশকে তিনি এমনভাবেই তুলে ধরেছেন।”

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার বিশ্বদীপ দে, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এই ওয়েবিনারে যুক্ত হয়ে শেখ হাসিনার নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।