২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য কেউ ঘোষণা দিলে জিয়াউর রহমানের মতো হঠাৎ প্রসিদ্ধ হবে: গয়েশ্বর

সরকারবিরোধী ‘লড়াইয়ের জন্য’ দেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের নীরবতার সুযোগে অন্য কেউ যদি ঘোষণা দেন তাহলে তিনি জিয়াউর রহমানের মতো আকস্মিক প্রসিদ্ধ হয়ে পড়বেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 06:47 PM

Updated : 10 Oct 2022, 07:26 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর একাদশ জাতীয় সংসদকে ‘ভোট ডাকাতদের অভয়ারণ্য’ বলেছেন।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এই সরকারের সাথে জনগণের কোনো কাবিন-টাবিন হয়নি। কাবিনে স্বাক্ষর করার আগেই দিনের ভোট রাত্রে শেষ। তাহলে এই সরকারকে তালাক নয়, ওদের বিতাড়িত করতে হবে।

“অর্থাৎ জনগণের অধিকার বঞ্চিত করে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের ভোট চুরি করে, ডাকাতি করে তারা ক্ষমতায় আছে। তাদেরকে আনুষ্ঠানিক তালাক দেওয়ার সুযোগ নাই, বিতাড়িত করার সুযোগ আছে।”

দলের নেতাদের কাছে আন্দোলনের ঘোষণা চেয়ে গয়েশ্বর বলেন, “আজকে আমাদের ওপর মানুষ আশা করে আমরা একটা ঘোষণা দেই, আমরা একটা যুদ্ধের ঘোষণা দেই, আমরা একটা লড়াইয়ের ঘোষণা দেই। আমরা এই সরকারকে বিতাড়িত করার ঘোষণা দেই।

“যদি না দেই তাহলে জনগণ যখন চায় অন্য কেউ ‍যদি ঘোষণা দেয়, সে তো জিয়াউর রহমানের মতো আবার আকস্মিকভাবে প্রসিদ্ধ হয়ে পড়বে। তখন আমাদেরকে কপাল চাপড়াতে হবে।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করলে তাদের হাতে ভোররাতে গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করে পরিচিতি পান জিয়াউর রহমান।

এখন কেউ সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়ে সে রকম সুবিধা পেয়ে যেতে পারেন বলে দলের নেতাদের সতর্ক করলেন গয়েশ্বর।

তিনি বলেন, “আমাদের মধ্যে একটু ঝগড়া-ঝাটি আছে, দলে পদ নিয়ে টানাটানিতে আছি, একজনের বিরুদ্ধে আরেকজন আছি। কিন্তু শেখ হাসিনাকে রাখা যাবে না-এ ব্যাপারে তো আমরা একমত।

“এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে সবাই চেষ্টা করতেছে, এই ক্ষুদ্রগুলোকে একত্রে করলে তো বড়। এই বিশাল করার দায়িত্ব কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। অনেক ক্ষুদ্র ক্ষুদ্রকে একসঙ্গে করে একটা বিশাল প্রতিবাদের মধ্য দিয়ে যে প্রতিবাদের টেউ উঠবে তখন স্বৈরতন্ত্র বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা বলেন অথবা গণতন্ত্র নিয়ে যারা আজকে ছিনিমিনি খেলেন তারা ভেসে যাবে।”

বিদেশি শক্তির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, “বিদেশিদের নিয়ে কথা বলতে চাই না। কারণ বিদেশিরা যার উপরে ভর করে, আমরা যদি তাদের ঠাঁই না দেই, বিতাড়িত করি তাহলে বিদেশি যাবে কোথায়? তখন আপনা-আপনি আসবে। তাদের কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন হবে না।”

একাদশ সংসদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, “একটা অভয়ারণ্য আছে। ডাকাতদের একটা অভয়ারণ্য আছে। সেটা বর্তমান পার্লামেন্ট। সারা বাংলাদেশের যত ভোট ডাকাত আছে খুব আরাম আয়াশে সেখানে আছেন, কথা বলতেছে, যা মন চাচ্ছে তাই করছে।”

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অধ্যাপক মোর্শেদ হাসান খানের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘অবৈধ অব্যাহতির’ প্রতিবাদ এবং খুন-ধর্ষণের ‘পৃষ্ঠপোষকদের’ বিচারেরে দাবিতে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির শওকত মাহমুদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, কৃষক দলের জাহাঙ্গীর আলম, তাঁতী দলের মনিরুজ্জামান মনির, ইসমাইল তালুকদার খোকন, সাইদ হাসান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।