কুয়েতের আমিরের প্রতি শ্রদ্ধা জানাল বিএনপি
কুয়েতের আমির শেখ সাবাহ আল জাবের আল সাবাহর মৃত্যুতে শোক জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে কুয়েতের দূতাবাসে যান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
তারা সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন এনামুল হক চৌধুরী ও শ্যামা ওবায়েদ।
কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত এসময় উপস্থিত ছিলেন।
শেখ সাবাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। জাতীয় পতাকা এদিন ছিল অর্ধনমিত।
গত মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
