২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের বিধান বাতিল নয়, সময় বাড়ানোর দাবি

রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের নির্বাচনী বিধান বাতিল না করে এই শর্ত পূরণের সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 05:56 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান. ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, নারী মুক্তি সংসদের আইন সম্পাদক জোবায়দা পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুল নাহার লুনা, নাজমা আকতার শিরিন।

নারী নেত্রীরা বলেন, শুধু রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী নেতৃত্ব প্রতিষ্ঠা নারীর ক্ষমতায়নে যথেষ্ট নয়, জাতীয় সংসদসহ সব নির্বাচনে ৩৩ ভাগ নারী আসন নিশ্চিতকরণসহ সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর সক্ষমতা তৈরি করতে হবে।

নারী মুক্তি সংসদের আইন সম্পাদক জোবায়দা পারভীন বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওর ৯০ (এ) থেকে ৯০ (ই) পর্যন্ত অনুচ্ছেদ নিয়ে এখন আলাদাভাবে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন’ নামে বাংলায় নতুন একটি আইনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত ও বিধি-বিধানে কয়েকটি নতুন বিষয় যুক্ত করে কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে সেখানে।

“এতে ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব বাধ্যবাধকতার শর্ত শিথিল করার প্রস্তাব করা হয়েছে।”

বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এর খ-এর খ (২) অনুচ্ছেদে কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ পদ নারী সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০২০ সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনের কথা বলা হয়। ২০০৮ সালে নিবন্ধন পাওয়া অধিকাংশ দল এখনও তা পূরণ করতে পারেনি।

নতুন আইনের খসড়ায় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধি রাখার শর্ত পূরণে দলগুলোকেই তাদের গঠনতন্ত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা বলা হয়েছে।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান বলেন, “নির্বাচন কমিশন সংবিধানের আলোকে গঠিত হয়েছে। নির্বাচন কমিশনেও ৩৩ ভাগ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। সেখানেও পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি বিদ্যমান।  নির্বাচন কমিশন এখন জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে চায়।”

আবুল হোসাইন বলেন, “বাংলাদেশ যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন নির্বাচন কমিশনের আরপিও সংশোধন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

“নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুদূঢ় করা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। কিন্তু নির্বাচন কমিশন সেদিকে মনোযোগ না দিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার যে পায়তাঁরা করছে তা জনগণ প্রতিহত করবে।”