২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এস এম শুভর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছেন তার স্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 02:20 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

ঢাকার কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভের (৩৪) বিরুদ্ধে গত ১৬ জুলাই করা এই মামলায় তার বন্ধু আরিফুল ইসলাম নাদিমকেও (৩৫) আসামি করা হয়েছে।

সিপিবির সদস্য শুভ বর্তমানে ক্ষেতমজুর সমিতির কার্যকরি কমিটির সদস্য, নাদিম ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

ওই নারী অভিযোগ করেছেন, শুভর সঙ্গে কথা বলতে সিপিবি কার্যালয়ে গিয়েও তিনি মারধরের শিকার হয়েছেন।

শুভ এই অভিযোগ অস্বীকার করে বলে আসছেন, বিচ্ছেদ চাওয়ার কারণে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ওই নারী নির্যাতনের ‘মিথ্যা’ অভিযোগ তুলেছেন।

ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান বলেছেন, তারা অভিযোগ শোনার পর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। প্রমাণ পেলে শাস্তি দেওয়া হবে।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ চেষ্টা করছে আসামিদের গ্রেপ্তারের।”

শুভ ও অভিযোগকারী নারী দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বাদী ও দুই আসামি তিনজনই ছাত্র ইউনিয়নে যুক্ত ছিলেন।

ওই নারী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বছর সম্পর্কের পর ২০১৯ সালে শুভর সঙ্গে তার বিয়ে হয়। তিনি চাকরি করলেও শুভ চাকরি করতেন না।

“বিয়ের কিছুদিন পরই আমাকে ব্যবসার জন্য আমার বাবা-মার কাছ থেকে ১০ লাখ টাকা যৌতুক আনতে বলা হয়। টাকা আনতে অপারগতা জানালে আমার উপর চলত নির্যাতন।”

Image
এস এম শুভ (ছবি: ফেইসবুক)

এস এম শুভ (ছবি: ফেইসবুক)

দীর্ঘদিন সহ্য করলেও গত ১৭ মে মারধরের শিকার হওয়ার পর তা বাবা-মাকে জানালে শুভ ঘর ছেড়ে বেরিয়ে যায় বলে ওই নারী জানান।

“বাবাকে জানানোর কারণে শুভ আমার সঙ্গে থাকা বন্ধ করে দেয়। কিন্তু ২০ জুন আমার জন্মদিনের আগের রাতে (১৯ জুন) বাসায় আসে। মনে করেছিলাম, শুভর রাগ ভেঙ্গেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু পরদিন ২১ জুন সে চলে যায় এবং আমাকে জানায় যে সে আমার সঙ্গে থাকবে না।”

সেদিন রাত পৌনে ১১টার দিকে পল্টনে সিপিবি কার্যালয়ে শুভকে আনতে গিয়ে পুনরায় মারধরের শিকার হন বলে তিনি অভিযোগ করেন।

“এ সময় নাদিম আমাকে পুলিশ ডেকে ক্রসফায়ারের হুমকি দেয়। পরে কাউকে না বলার শর্ত দিয়ে তাদের অফিসের রফিককে দিয়ে একটি অটোরিকশা ঠিক করে বাসায় আসতে দেয়।”

তিনি বলেন, ওই রাতের ঘটনা ৩০ জুন ক্ষেতমজুর সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিপিবির অন্য নেতাদের তিনি জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে ৪ জুলাই কলাবাগান থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, এরপর ১০ জুলাই সিপিবি কার্যালয়ে নেতাদের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে বসে একটি সমাধানের চেষ্টা করা হলেও শুভ ও নাদিম আসেননি।

ওই উদ্যোগ ব্যর্থ হওয়ায় আর কারও ‘সহযোগিতা না পেয়ে নিরুপায়’ হয়ে মামলা করেন বলে জানান ওই নারী।

তিনি আরও অভিযোগ করেন, মামলা না করার জন্য তাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভ ও নাদিম দুজনেই আমাদের পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা নিয়ে আলোচনা করছি। এখনও পর্যন্ত আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি। 

“চট করেই তো কারও বিরুদ্ধে শাস্তি বা দায়মুক্তি দেওয়ার সুযোগ আমাদের নেই। তবে এমন ধরনের অভিযোগ প্রমাণিত হলে পার্টি কোনোভাবেই তা মেনে নেবে না। গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

শুভ ও নাদিম দুজনেই সিপিবি কার্যালয়ে অবস্থান করছেন বলে জানান ওই নারী।

এ বিষয়ে ফজলুর বলেন, “হ্যাঁ, তারা আমাদের পার্টি অফিসেই অবস্থান করছিল। তবে এখনও অবস্থান করছে কি না, তা আমার জানা নাই।”