২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাবউদ্দিন ‍বিএনপি করেন, তা এখানে বিবেচ্য নয়: তথ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি রোধ করতেই আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 11:51 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

তিনি বলছেন, এক্ষেত্রে কে কোন দল করে তা ‘বিবেচনায় আনা হচ্ছে না’। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ আওয়ামী লীগের নাম ভাঙ্গানোর চেষ্টা করেও পার পায়নি। সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মালিক সাহাবউদ্দিনের বিএনপি সম্পৃক্ততাও এখানে বিবেচনায় আনা হয়নি।

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) নেতাদের সঙ্গে সোমবার সচিবালয়ে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “স্বাস্থ্য খাতে সব ধরনের অনিয়ম-দুর্নীতি দূর করার যে কর্মসূচি সরকার নিয়েছে, সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার অংশ হিসেবে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।

“সাহাবউদ্দিন সাহেব একজন বিএনপি নেতা, তিনি গত নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচনও করেছিলেন। এখানে কে কোন দলের সরকার সেটা দেখছে না।

“সাহেদ আওয়ামী লীগের নাম ভাঙ্গানোর চেষ্টা করত, যদিও আওয়ামী লীগের কোনো কমিটিতে সে ছিল না। যে-ই এই অনিয়মের সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।”

রিজেন্টের সাহেদ আ. লীগের উপ কমিটিতে ছিলেন যেভাবে  

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় বেসরকারি টেলিভিশনগুলোর লাইভ সম্প্রচার নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “ইউরোপ-আমেরিকায় হাসপাতালের ভেতরে ঢুকে সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হয় না, অন্যান্য ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়। আমাদের দেশেও সেটি হওয়া বাঞ্ছনীয়।”

সব ক্ষেত্রে সরকারের নির্দেশনার চেয়ে নিজস্ব বিবেক-বিবেচনা প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করে হাছান বলেন, “যে কোনো বিষয় প্রদর্শন বা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে জনমনে সেটির প্রভাব সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজন।

“শিশু-কিশোরদের মনে নেতিবাচক প্রভাব বা সমাজে বিরূপ মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু প্রচার সমীচীন নয়। অভিযানের সময় লাইভ সম্প্রচার অনেক সময় অপরাধীদের পক্ষে সহায়ক হতে পারে, এ বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।”