‘বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন উন্নয়নের শিখরে’
বাংলাদেশের উন্নয়নের সঙ্গে আওয়ামী লীগের অবদান জড়িয়ে থাকার কথা উঠে এসেছে দলটির ভার্চুয়াল এক আলোচনায়।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, “আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন, নিয়েছেন নানা পদক্ষেপ। আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন।”
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে ‘গণমানুষের দল আওয়ামী লীগের ৭১ বছর’ শীর্ষক এই বিশেষ ওয়েবিনারের আয়োজন করে দলটির গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই।
সাংবাদিক সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মুহাম্মদ ফারুক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাংবাদিক অজয় দাশগুপ্ত আলোচনায় অংশ নেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাত ধরেই ভাষা আন্দোলন শুরু হয়। আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধু সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, চৌদ্দ বছর জেল খেটেছেন বাংলাদেশের মুক্তির সংগ্রামের জন্য।
“তিনি যখন ছয় দফা দেন, তখন বাংলাদেশে অনেক নেতা ছিলেন, যারা ছয় দফাকে সমর্থন করেন নাই। অথচ এই ছয় দফা বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে চিহ্নিত হয় এবং এই ছয় দফার ভিত্তিতেই ঊনসত্তরের গণ অভ্যুত্থান হয়, সত্তরের নির্বাচনে জয় পান।”
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। প্রায় দুই যুগ পর যে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আলোচনা সভায় যোগ দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফারুক খান বলেন, “বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে দেশকে উন্নত করতে বহু কাজ করে গেছেন। আর বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে বলে বিশ্বাস করি। বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, সেটা বঙ্গবন্ধুর মত নেতা ছিলেন বলে; জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজকে বিশ্বে বাংলাদেশ রোল মডেল।”
অধ্যাপাক আরেফিন সিদ্দিক বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার জন্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের পাশে থেকে কাজ করে বলেই বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কমে আসে।”
তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীর মধ্যে ঘরে বসে আলোচনার সুযোগ হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারণে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে।
“বাংলাদেশের উন্নয়নের জায়গায় বঙ্গবন্ধু দৃষ্টান্ত দেখিয়ে গেছেন এবং তার কন্যা সেই পথেই চলেছেন।”
