হানিফ গেলেন কানাডা
করোনাভাইরাস মহামারীর মধ্যে কানাডায় পরিবারের কাছে গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম।
শুক্রবার রাতে কানাডার উদ্দেশে তিনি বাংলাদেশ ছাড়েন বলে বলে তার ব্যক্তিগত সহকারী তারিক-উল ইসলাম টুটুল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে কানাডা যাবেন হানিফ।
হানিফের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন। এছাড়া বড় ভাই রবিউল আলম ও এক ছোট বোন কানাডায় থাকেন।
টুটুল বলেন, “আওয়ামী লীগের সম্মেলন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনৈতিকভাবে ব্যস্ত থাকায় দীর্ঘ দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি হানিফ স্যার। তাই এই সময়ে দলীয় কার্যক্রম একটু কম থাকায় পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে গেছেন।”
‘খুব শিগগিরই’ হানিফ দেশে ফিরবেন বলে জানান তিনি।
হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না- জানতে চাইলে টুটুল বলেন, “অনেকে বিভ্রান্তি ছড়াতে এমন গুজব ছড়াচ্ছে।”
