২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে: কাদের

করোনাভাইরাসের সংকটে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তা জাতির স্মৃতিতে দীর্ঘ ক্ষতের চিহ্ন বহন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 05:55 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

রোববার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সুপারিশকৃত সাত দফার জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে যে সাত দফা সুপারিশ করেছেন সরকার করোনায় সৃষ্ট সংকট উত্তরণে তার চেয়ে অনেক বেশি সুসমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

“মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল বিএনপি এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনীতিতে যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তা জাতীয় মেমোরিতে দীর্ঘদিন ক্ষতের চিহ্ন বহন করবে।”

বিএনপি সুপারিশের নামে সরকারের বিরুদ্ধাচারণের চেষ্টায় আছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপারিশের নামে সরকারের বিরুদ্ধাচারণ করার যে অপচেষ্টা করেছেন তার যৌক্তিক কোনো ভিত্তি নেই বরং তা উস্কানিমূলক। তার মন্তব্য সর্বৈব মিথ্যা, বাস্তবতা বিবর্জিত।”

ত্রাণ বিতরণে অনিয়মের সঙ্গে যুক্ত বিএনপি নেতাদের দলীয়ভাবে কোন শাস্তি দেওয়া হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ত্রাণ ও অর্থ বিতরণে অনিয়মে জড়িত বিএনপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক কোন ব্যবস্থা গ্রহণ পরিলক্ষিত হয়নি।

“মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ  অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট একটি বৈশ্বিক সমস্যা। এটি জাতীয় বা সরকারের গৃহীত নীতির ফলে উদ্ভূত কোনো সমস্যা নয়। সুতরাং এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপনের কোন প্রশ্নই আসে না।”